স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ বলেছেন, তার বিরুদ্ধে ওঠা চাঁদাবাজির অভিযোগ সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত। বৃহস্পতিবার (১৪ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।


আসিফ মাহমুদ বলেন, ‘আমার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ রাজনৈতিক উদ্দেশ্যে আনা হয়েছে। বিষয়টি এখন তদন্তাধীন। তদন্তেই সত্যতা বেরিয়ে আসবে।’


আগামী জাতীয় নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি। তবে অন্তর্বর্তী সরকারের যেসব উপদেষ্টা নির্বাচনে অংশ নিতে চান, তাদের উচিত পদত্যাগ করা।


তিনি বলেন, ‘নির্বাচন যেন প্রশ্নবিদ্ধ না হয়, সে জন্যই নির্বাচনে আগ্রহী উপদেষ্টাদের স্বেচ্ছায় সরে দাঁড়ানো উচিত বলে আমি মনে করি।’


অন্তর্বর্তী সরকারের এক বছরের কার্যক্রম নিয়ে মূল্যায়ন করতে গিয়ে আসিফ মাহমুদ বলেন, ‘গত এক বছরে সফলতার চেয়ে ব্যর্থতার পাল্লাই ভারী। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণসহ কিছু ক্ষেত্রে ইতিবাচক অগ্রগতি হয়েছে, তবে অনেক ক্ষেত্রেই ব্যর্থতা স্পষ্ট। বিশেষ করে জনগণের মধ্যে যে পরিবর্তনের প্রত্যাশা ছিল, তা পূরণ হয়নি।’