এবারের নির্বাচনে ব্যালট পেপারে ভোট গ্রহণ করা হলেও গণনা করা হচ্ছে ওএমআর (অপটিক্যাল মার্ক রিডার) পদ্ধতিতে। ফলাফল সরাসরি প্রদর্শনের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন স্থাপন করেছে ১৪টি এলইডি স্ক্রিন।

চাকসু নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মনির উদ্দিন বলেন, “ভোটগ্রহণ শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। হাতে লাগানো অমোচনীয় কালি উঠে যাওয়াসহ কয়েকটি বিচ্ছিন্ন অভিযোগ ছাড়া কোনো বড় অনিয়মের ঘটনা ঘটেনি।” তিনি জানান, বিকেল ৩টা পর্যন্ত প্রায় ৫৫ শতাংশ ভোট পড়েছে।

এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ২৭ হাজার ৫১৭ জন। পাঁচটি অনুষদে ১৫টি হলে স্থাপিত ১৫টি কেন্দ্রে ভোটগ্রহণ হয়। এসব কেন্দ্রে ৬০টি কক্ষে ৬৮৯টি বুথে ভোট দেন শিক্ষার্থীরা।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, কেন্দ্রীয় ও হল সংসদ মিলিয়ে মোট ৯০৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে কেন্দ্রীয় সংসদে ১৩টি প্যানেল ও স্বতন্ত্র প্রার্থীসহ ৪১৫ জন, আর হল সংসদে ৪৯৩ জন প্রার্থী রয়েছেন।

কীওয়ার্ড: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, চাকসু নির্বাচন, ছাত্রসংসদ নির্বাচন ২০২৫, চবি