চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে বাংলাদেশ ইসলামী ছাত্রী সংস্থা সমর্থিত শিক্ষার্থীরা ‘সংঘবদ্ধ ছাত্রী জোট’ নামে একটি পূর্ণাঙ্গ প্যানেল গঠনের উদ্যোগ নিয়েছে। সোমবার (১৫ সেপ্টেম্বর) মনোনয়নপত্র বিতরণের শেষ দিনে প্রীতিলতা হলের ১২ শিক্ষার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেন।
প্যানেল থেকে সহসভাপতি (ভিপি) পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন হিসাববিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মিজাবাহুল জান্নাত তারিন। সাধারণ সম্পাদক (জিএস) পদে থাকবেন আরবি বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী নাদিয়া সুলতানা তাসনিয়া এবং সহসাধারণ সম্পাদক (এজিএস) পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন ভূগোল বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী আফরিদা রিমা।
মনোনয়ন সংগ্রহের পর তারিন বলেন, “আজ আমরা ১২ জন একসঙ্গে মনোনয়নপত্র নিয়েছি। দুই দিনের মধ্যে পূর্ণাঙ্গ প্যানেল ও পদ বণ্টনের সিদ্ধান্ত জানাবো।”
এজিএস পদে প্রতিদ্বন্দ্বিতাকারী আফরিদা রিমা বলেন, “আমরা বাংলাদেশ ইসলামী ছাত্রী সংস্থার ব্যানারে প্যানেল ঘোষণা করেছি। হলে ডাইনিং সমস্যা, পাঠাগারে পর্যাপ্ত বইয়ের অভাব এবং ছোট নামাজ রুমের সংকট সমাধানে কাজ করব।”
অন্যদিকে, গতকাল দুই শিক্ষার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। তাঁরা হলেন সোহরাওয়ার্দী হলের হাবিবুর রহমান (কেন্দ্রীয় ভিপি পদে) ও শাহজালাল হলের শাহরিয়ার হাসান (কার্যনির্বাহী সদস্য পদে)।
ইতিমধ্যে আরও কয়েকটি প্যানেল ঘোষণা হয়েছে। ছাত্র ইউনিয়ন ও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের জোট ‘দ্রোহ পর্ষদ’, ছাত্র অধিকার পরিষদের ‘চাকসু ফর র্যাপিড চেঞ্জ’ এবং ইসলামী ছাত্র আন্দোলন সমর্থিত ‘সচেতন শিক্ষার্থী সংসদ’ প্রতিদ্বন্দ্বিতায় রয়েছে।
আগামী ১২ অক্টোবর সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হবে চাকসু ও হল সংসদ নির্বাচন। ১৯৯০ সালের পর এটিই প্রথম চাকসু নির্বাচন। মনোনয়নপত্র জমা নেওয়া হবে ১৫–১৭ সেপ্টেম্বর, যাচাই–বাছাই ১৮ সেপ্টেম্বর এবং চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশিত হবে ২৫ সেপ্টেম্বর।





