চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে আইটি ভবন কেন্দ্রে প্রিসাইডিং অফিসারের স্বাক্ষর ছাড়া ব্যালট পেপার বিতরণের অভিযোগ উঠেছে। বুধবার (১৫ অক্টোবর) ভোট চলাকালায় ছাত্রদল ও ছাত্র শিবিরের পক্ষ থেকে একই অভিযোগ করা হয়।
ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী অভিযোগ করেন, “আইটি ভবনের একটি রুমে স্বাক্ষর ছাড়া ব্যালট পেপার দেওয়া হয়েছে। এ ছাড়া অমোচনীয় কালি সহজেই উঠে যাচ্ছে। বিষয়টি আমরা লিখিতভাবে নির্বাচন কমিশনে জানিয়েছি।”
চবি ছাত্রদলের সেক্রেটারি আবদুল্লাহ আল নোমাম বলেন, “প্রশাসন ও নির্বাচন কমিশন একটি দলকে জিতাতে কাজ করছে।”
অন্যদিকে, ছাত্র শিবির সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী ইব্রাহীম রনি বলেন, “আইটি ভবনের ২১৪ নম্বর রুমে ১৫-২০টি ব্যালট পেপার স্বাক্ষর ছাড়া বাক্সে ফেলা হয়েছে। স্বাক্ষর ছাড়া ব্যালট বাক্সে ফেলা অনুমোদিত নয়। আমরা বিষয়টি জানালে নির্বাচন কমিশনের এজেন্টরা জানিয়েছেন, পরে তারা এসে এ বিষয়ে সিদ্ধান্ত নিবে।”
চাকসুর প্রধান নির্বাচন কমিশনার ড. মনির উদ্দিন জানান, “চাকসু নির্বাচনের জন্য দেশের কোথাও অমোচনীয় কালি পাওয়া যায়নি। স্বাক্ষর ছাড়া ব্যালট গ্রহণের বিষয়টি পরে পর্যবেক্ষণ করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।”





