চট্টগ্রামের সাতকানিয়া-লোহাগাড়া আসনের সাবেক সংসদ সদস্য আবু রেজা মো. নেজাম উদ্দিন নদভীকে চার দিনের রিমান্ডে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
বুধবার (২২ জানুয়ারি) সাতকানিয়া ও লোহাগাড়া থানায় দায়ের হওয়া দুই মামলার প্রেক্ষিতে চট্টগ্রাম চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সংশ্লিষ্ট বিচারক এ আদেশ দেন।
চট্টগ্রাম জেলা পুলিশের প্রসিকিউশন শাখার পরিদর্শক হাবিবুর রহমান জানান, নদভীকে জিজ্ঞাসাবাদের জন্য সাতকানিয়া ও লোহাগাড়া থানা পুলিশ দুই মামলায় ৩ দিন করে মোট ৬ দিনের রিমান্ড আবেদন করে। শুনানি শেষে আদালত দু’দিন করে মোট ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে, গত ১৫ ডিসেম্বর রাজধানীর উত্তরা এলাকা থেকে আবু রেজা নদভীকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের লালবাগের আজিমপুর সরকারি আবাসিক এলাকার একটি ঘটনায় দায়ের হওয়া মামলায় গ্রেপ্তার দেখানো হয়। মামলাটি ছিল আইডিয়াল কলেজের প্রথম বর্ষের ছাত্র খালিদ হাসান সাইফুল্লাহ হত্যাকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্ট।
গত ১২ জানুয়ারি নদভীকে চট্টগ্রাম আদালতে হাজির করা হলে পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে সাতকানিয়া ও লোহাগাড়া থানার পাঁচটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দেন আদালত।





