জুলাই বিপ্লবে গুরুতর আহতদের জন্য চীন প্রদত্ত রোবোটিক হাত-পা নতুন জীবন এনে দিয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা নূরজাহান বেগম। তিনি বলেন, আন্দোলনে অনেকেই হাত-পা ও চোখ হারিয়েছেন। চীনের এ সহায়তা তাদের জীবনে ঘুরে দাঁড়ানোর সুযোগ তৈরি করেছে।

\r\n

শুক্রবার রাজধানীর বনানীর হোটেল সারিনায় আয়োজিত ‘নি হাও! চীন-বাংলাদেশ স্বাস্থ্য ও চিকিৎসা উন্নয়ন প্রদর্শনী-২০২৫’ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।

\r\n

নূরজাহান বেগম আরও জানান, চীনের সহায়তায় রংপুর অঞ্চলে এক হাজার শয্যাবিশিষ্ট একটি পূর্ণাঙ্গ হাসপাতাল নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। এতে আধুনিক যন্ত্রপাতি, প্রশিক্ষিত চিকিৎসক, নার্স ও টেকনিশিয়ানদের সমন্বিত সেবা থাকবে। পাশাপাশি জুলাই বিপ্লবে আহতদের জন্য একটি পুনর্বাসন কেন্দ্র স্থাপনে চীনের সঙ্গে সমঝোতা স্মারক সই হয়েছে।

\r\n

তিনি বলেন, বিনিয়োগবান্ধব পরিবেশ গড়ে তুলতে সরকার কাজ করছে। চীনা মেডিকেল ইকুইপমেন্ট নির্মাতারা বাংলাদেশে বিনিয়োগ করলে উভয় দেশই লাভবান হবে।

\r\n

অনুষ্ঠানে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, চীন আধুনিক চিকিৎসা প্রযুক্তি ও উন্নত হাসপাতাল ব্যবস্থাপনায় বিশ্বব্যাপী স্বীকৃত। বাংলাদেশকে সঙ্গে নিয়ে টেকসই স্বাস্থ্যসেবা ব্যবস্থা গড়ে তুলতে চায় চীন।

\r\n

তিনি মাইলস্টোন দুর্ঘটনায় হতাহতদের প্রতি শোক জানিয়ে বলেন, তখনই চীনা চিকিৎসক দল বাংলাদেশে পাঠানো হয়েছিল। “আমরা সবসময় বাংলাদেশের পাশে থাকব,” যোগ করেন তিনি।

\r\n

প্রদর্শনীতে অংশ নেওয়া চীনের ১০টিরও বেশি শীর্ষস্থানীয় হাসপাতাল অন-সাইট ও অনলাইন চিকিৎসা পরামর্শ, চিকিৎসা ভিসা প্রসেসিং, অনুবাদক সহায়তা এবং বিমানবন্দর থেকে পিকআপ সুবিধাসহ নানা সেবার প্রতিশ্রুতি দিয়েছে।