চীনা মুদ্রা ইউয়ানে লেনদেনের মাধ্যমে তেল পরিবহনের ক্ষেত্রে সীমিত সংখ্যক জাহাজকে হরমুজ প্রণালি দিয়ে চলাচলের অনুমতি দিতে পারে ইরান। মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের প্রতিবেদনে নাম প্রকাশে অনিচ্ছুক এক ইরানি কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে এই সম্ভাবনার কথা জানানো হয়েছে।
তবে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এই দাবি স্বাধীনভাবে যাচাই করতে পারেনি। প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের বিরুদ্ধে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার পর কৌশলগত এই জলপথে তেলবাহী জাহাজ চলাচল নিয়ন্ত্রণে রাখতে তেহরান একটি বৃহত্তর পরিকল্পনা তৈরি করছে। ইউয়ানে লেনদেনের প্রস্তাব সেই পরিকল্পনার অংশ বলে জানানো হয়েছে।
বর্তমানে বিশ্ববাজারে অধিকাংশ তেল মার্কিন ডলারে বিক্রি হয়। তবে নিষেধাজ্ঞার কারণে রাশিয়ার অপরিশোধিত তেল ক্রমেই রুবল বা ইউয়ানে লেনদেনের দিকে ঝুঁকছে। এই পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে ইরান-যুক্তরাষ্ট্র-ইসরায়েল সংঘাতের প্রভাব পড়ে তেলের দাম দ্রুত বাড়ছে। সর্বশেষ প্রতি ব্যারেল ব্রেন্ট অপরিশোধিত তেলের দাম ৪২ শতাংশেরও বেশি বৃদ্ধি পেয়েছে এবং আরও মূল্য বৃদ্ধি সম্ভাবনার শঙ্কা দেখা দিয়েছে।





