ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্রের অবরোধের প্রেক্ষাপটে চীনের সম্ভাব্য জ্বালানি ঘাটতি পূরণে সহায়তার কথা জানিয়েছে রাশিয়া। এ বিষয়ে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ বলেছেন, প্রয়োজন হলে রাশিয়া চীনের জ্বালানি চাহিদা পূরণে এগিয়ে আসবে।
বেইজিংয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক শেষে তিনি বলেন, চীনসহ যেসব দেশ রাশিয়ার সঙ্গে ন্যায্য ও পারস্পরিক লাভজনক সহযোগিতায় আগ্রহী, তাদের জ্বালানি ঘাটতি পূরণে মস্কো সক্ষম।
তিনি আরও জানান, বৈশ্বিক অস্থিরতার মধ্যেও রাশিয়া ও চীনের সম্পর্ক অটুট রয়েছে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং শি জিনপিংয়ের ঘনিষ্ঠ সম্পর্ক দুই দেশের মধ্যে স্থিতিশীলতা আরও জোরদার করেছে বলেও উল্লেখ করেন তিনি।
বিশ্লেষকদের মতে, ইরানের তেলের অন্যতম বড় ক্রেতা চীন হওয়ায় যুক্তরাষ্ট্রের অবরোধে দেশটির জ্বালানি সরবরাহে চাপ তৈরি হতে পারে। ইতোমধ্যে ওয়াশিংটন জানিয়েছে, অবরোধের আওতায় বেইজিং যাতে ইরান থেকে তেল আমদানি করতে না পারে, সে বিষয়টি নিশ্চিত করা হবে।
এ অবস্থায় রাশিয়ার এমন প্রস্তাব বৈশ্বিক জ্বালানি বাজারে নতুন সমীকরণ তৈরি করতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।





