চুয়াডাঙ্গা প্রতিনিধি: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গার দুইটি আসনে একক প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। এর মধ্যে চুয়াডাঙ্গা-১ (সদর ও আলমডাঙ্গা) আসনে দলীয় মনোনয়ন পেয়েছেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ এবং চুয়াডাঙ্গা-২ (দামুড়হুদা ও জীবননগর) আসনে মনোনয়ন পেয়েছেন জেলা বিএনপির সভাপতি, উপ-কোষাধ্যক্ষ ও তৈরি পোশাকশিল্পের মালিকদের সংগঠন বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান বাবু।
মাহমুদ হাসান খান ২০২৫-২৭ সাল মেয়াদে পোশাক রপ্তানিকারকদের শীর্ষ সংগঠন বিজিএমইএ-এর পরিচালনার দায়িত্ব পালন করছেন।
আজ সোমবার (৩ নভেম্বর) বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত দলের স্থায়ী কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
শেষ মুহূর্তের যাচাই-বাছাই ও আলোচনার পর স্থায়ী কমিটি প্রথম ধাপের প্রার্থীদের তালিকা চূড়ান্ত করে। পরে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করেন।





