বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে বৃষ্টির সময় এসব ঘটনা ঘটে।


নিহতরা হলেন—দামুড়হুদা উপজেলার দর্শনা থানার পারকৃষ্ণপুর গ্রামের তাজিমুল ইসলামের ছেলে ও নবম শ্রেণির ছাত্র আজিমুল ইসলাম (১৩) এবং জীবননগর উপজেলার ঘোষনগর গ্রামের রেজাউল ইসলামের ছেলে রাসেল আলী (২৫)।


স্থানীয়রা জানান, দুপুরে আজিমুল ইসলাম মাঠে কর্মরত বাবার জন্য খাবার নিয়ে যাচ্ছিলেন। এ সময় হঠাৎ বজ্রসহ বৃষ্টি শুরু হলে বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে তাকে উদ্ধার করে দর্শনার একটি ক্লিনিকে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য খাইরুল বাশার।


অন্যদিকে, জীবননগর উপজেলার বাকা ইউনিয়নে নিজ ভুট্টাক্ষেতে কাজ করার সময় বজ্রপাতে গুরুতর আহত হন রাসেল আলী। স্থানীয়রা তাকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ তথ্য নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট ইউপি সদস্য তরিকুল ইসলাম।


দামুড়হুদা ও জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা (ওসি) বজ্রপাতে নিহতের পৃথক দুটি ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।