বরিশাল নগরীর ২৩ নম্বর ওয়ার্ডের সাগরদি দরগাহ বাড়ি ব্রিজ সংলগ্ন একটি তিনতলা ভবনের নিচতলায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ভবনের জানালার কাচ ভেঙে পড়ে এবং ক্ষয়ক্ষতি হয়।

বুধবার (১৫ এপ্রিল) ফজরের নামাজের পর এ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে বাবা-ছেলে দুজন আহত হয়েছেন।


আহতরা হলেন মানিক চন্দ্র শীল ও তার ছেলে মৃদুল চন্দ্র শীল। গুরুতর অবস্থায় তাদের বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ফায়ার সার্ভিস ও আহতদের সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে ওই বাসায় গ্যাস সিলিন্ডার পরিবর্তন করা হয়। এরপর বুধবার ফজরের নামাজের পর মানিক চন্দ্র শীল চুলা জ্বালাতে গেলে হঠাৎ বিস্ফোরণ ঘটে।


ঘটনার সময় বাসায় মানিক চন্দ্র শীল ও তার ছেলে উপস্থিত ছিলেন। বিস্ফোরণে মানিক চন্দ্র শীলের হাত ও পা পুড়ে যায় এবং তার ছেলে মাথায় আঘাত পান।

ফায়ার সার্ভিস বরিশাল সদর স্টেশনের সিনিয়র কর্মকর্তা মো. রবিউল ইসলাম জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সিলিন্ডার থেকে গ্যাস লিক হয়ে এ বিস্ফোরণ ঘটেছে। এতে ভবনের নিচতলার একটি কক্ষে ক্ষয়ক্ষতি হয়েছে।