চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় প্রায় ৯ হাজার লিটার পেট্রোল-অকটেন জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় চারজনকে আটক করা হয়েছে।

সোমবার (৩০ মার্চ) দিবাগত রাতে উপজেলার কয়রাডাঙ্গা-খাদিমপুর সড়কের পাশে তেল খালাসের সময় স্থানীয়দের সহযোগিতায় একটি ট্যাংক লরি ও ট্রাক্টর আটক করা হয়। পরে আলমডাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তেলসহ যানবাহনগুলো জব্দ করে।

পুলিশ জানায়, ট্যাংক লরি থেকে ড্রামে তেল ভরার সময় ৮ ব্যারেল পেট্রোলসহ একটি ট্রাক্টরের ট্রলি জব্দ করা হয়। জব্দকৃত তেলের পরিমাণ প্রায় ৯ হাজার লিটার। এ ঘটনায় ঘটনাস্থল থেকে চারজনকে আটক করা হয়েছে।

আটক ব্যক্তিরা হলেন টিটন আলী (৩৭), আলী হোসেন (৫৩), রায়হান (২৮) ও মোজাম হোসেন (৫০)।

আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বনি ইসরাইল জানান, বেশি দামে বিক্রির উদ্দেশ্যে তেলটি অন্য জেলা থেকে আনা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।