আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও পৌরসভার মেয়র পদে প্রথম ধাপে ১০০ জন প্রার্থীর নাম ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

রোববার (১০ মে) রাজধানীর কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে প্রার্থীদের তালিকা প্রকাশ করে দলটির স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটি। এ সময় কমিটির চেয়ারম্যান সারজিস আলমসহ শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

দলটির পক্ষ থেকে জানানো হয়, ধাপে ধাপে দেশের সব উপজেলা ও পৌরসভায় চেয়ারম্যান ও মেয়র প্রার্থীদের নাম ঘোষণা করা হবে।

এ সময় এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, সরকারকে দ্রুত স্থানীয় সরকার নির্বাচনের সময়সূচি ঘোষণা করা উচিত।

নির্বাচনী জোট প্রসঙ্গে সারজিস আলম জানান, এবারের স্থানীয় সরকার নির্বাচনে এনসিপি এককভাবে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছে। তার ভাষায়, সব উপজেলায় ১১ দলীয় জোটের প্রার্থী সমন্বয় করা কঠিন হওয়ায় আপাতত দলটি স্বতন্ত্রভাবে এগোচ্ছে। ভবিষ্যতে পরিস্থিতি অনুযায়ী জোট নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

তিনি আরও বলেন, ঘোষিত প্রার্থীদের মধ্যে বিভিন্ন রাজনৈতিক পটভূমির মানুষ রয়েছেন। কেউ আগে বিএনপি বা জামায়াতের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন, আবার কেউ একসময় আওয়ামী লীগে যুক্ত থাকলেও পরবর্তীতে রাজনৈতিকভাবে নিষ্ক্রিয় হয়ে যান এবং এখন এনসিপির সঙ্গে যুক্ত হয়েছেন।

এনসিপির এই ঘোষণার মাধ্যমে স্থানীয় সরকার নির্বাচনকে ঘিরে রাজনৈতিক উত্তাপ আরও বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।