ইবাদতের মধ্যে শান্তি ও তৃপ্তি অনুভব করা এক ধরনের আত্মিক সুখ। কিন্তু অনেকেই অভিযোগ করেন—নামাজে মন বসে না, কোরআন তিলাওয়াতে তৃপ্তি আসে না, ইবাদত যেন বোঝা হয়ে দাঁড়িয়েছে। ইসলামি চিন্তাবিদ ও আলেমদের মতে, এর অন্যতম বড় কারণ হলো—দৃষ্টি সংযমের অভাব।

চোখ ও অন্তরের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। যা চোখে পড়ে, সেটিই অন্তরে প্রভাব ফেলে। ভালো কিছু দেখলে যেমন অন্তর প্রশান্ত হয়, তেমনি অপবিত্র, অশ্লীল ও হারাম কিছুর প্রতি তাকালে অন্তরে তৈরি হয় কু-প্রবৃত্তি, যা ইবাদতের স্বাদ নষ্ট করে দেয়।

 ইসলাম কী বলছে দৃষ্টির বিষয়ে?

ইসলাম স্পষ্টভাবে নির্দেশ দিয়েছে দৃষ্টি সংযম করার ব্যাপারে। পবিত্র কোরআনে আল্লাহ তায়ালা বলেন—

\"মুমিন পুরুষদের বলুন, তারা যেন তাদের দৃষ্টি সংযত রাখে এবং লজ্জাস্থান হেফাজত করে। এটাই তাদের জন্য অধিক পবিত্রতা।\"
—সূরা নূর, আয়াত ৩০

মুমিন নারীদের ক্ষেত্রেও এসেছে একই নির্দেশনা (সূরা নূর, আয়াত ৩১)। এই দৃষ্টিনিয়ন্ত্রণ কেবল দুনিয়াবি শালীনতার জন্য নয়, বরং আত্মিক পরিশুদ্ধি এবং ইবাদতে গভীরতা অর্জনের জন্য জরুরি।

 অনিয়ন্ত্রিত দৃষ্টিপাতের পরিণতি

আধুনিক প্রযুক্তির যুগে হারাম কনটেন্ট দেখতে পাওয়া খুব সহজ। ফেসবুক, ইউটিউব, ওয়েব সিরিজ, বিজ্ঞাপন—সবখানেই অশ্লীলতার ছড়াছড়ি। অনেকেই না বুঝেই চোখের গুনাহে লিপ্ত হয়ে পড়েন। অথচ এই ছোট্ট ‘দৃষ্টিপাত’ই অন্তরকে বিষাক্ত করে তোলে।

নবীজি (সা.) বলেন—

\"অনিয়ন্ত্রিত দৃষ্টি হচ্ছে শয়তানের বিষাক্ত তীরগুলোর একটি।\"
—(মুসনাদে আশশিহাব)

ইবনে কাছির (রহ.) বলেন,

\"দৃষ্টি এমন একটি তীর, যা মানুষের অন্তরে বিষ ঢেলে দেয়।\"
—(ইবনে কাছির, ৩/১৭৬)

 ইবাদতে মনোযোগ না পাওয়ার মূল কারণ?

চোখের গুনাহ একসময় অন্তরকে এতটাই কালো করে তোলে যে ইবাদত আর উপভোগ্য থাকে না। নামাজে মন বসে না, কোরআনের আয়াত হৃদয়ে ঠাঁই নেয় না। হাদিসে এসেছে—

\"চোখের জিনা হচ্ছে দৃষ্টিপাত করা।\"
—(মুসলিম, হাদিস ৬৬৪৭)

অনেকেই প্রশ্ন করেন, “নামাজ পড়ি, কিন্তু মন লাগে না কেন?” উত্তর একটাই—আত্মাকে হারাম দৃশ্য দেখে এতটাই ক্লান্ত করে ফেলি যে ইবাদতে আর কোনো অনুভূতি থাকে না।

 চোখের গুনাহ শুধু পরকাল নয়, দুনিয়াতেও প্রভাব ফেলে

এমনকি বিবাহিত জীবনে, পারিবারিক সম্পর্কে, কাজের প্রতি একাগ্রতায়ও নেতিবাচক প্রভাব পড়ে অনিয়ন্ত্রিত দৃষ্টির কারণে। পবিত্র কোরআনে বলা হয়েছে—

“তিনি (আল্লাহ) জানেন চোখের বিশ্বাসঘাতকতা এবং অন্তরের গোপন বিষয়ের কথা।”
—(সূরা মুমিন, আয়াত ১৯)

ইবাদতের স্বাদ পেতে হলে...

ইবাদতে তৃপ্তি পেতে চাইলে, আল্লাহর সান্নিধ্য লাভ করতে চাইলে—প্রথম পদক্ষেপ হতে হবে দৃষ্টি নিয়ন্ত্রণ। চোখকে হেফাজত না করলে, যত আমলই করি না কেন, অন্তর কখনোই আলোর ছোঁয়া পাবে না।

আল্লাহ তায়ালা বলেন—

\"নিশ্চয়ই কান, চোখ ও অন্তর—সবকিছু সম্পর্কে জিজ্ঞাসা করা হবে।\"
—(সূরা বনি ইসরাইল, আয়াত ৩৬)