বলিউড কিং শাহরুখ খানের আলীশান বাড়ি ‘মান্নাত’ শুধু একটি বাসভবন নয়, অনেকের কাছে এটি যেন স্বপ্নের ঠিকানা। প্রতিদিন অসংখ্য ভক্ত ভিড় করেন বাড়ির সামনে, শুধুমাত্র একঝলক দেখতে বাদশাহর প্রাসাদোপম এই আবাস। তবে এবার এক তরুণ ইনফ্লুয়েন্সার বাড়ির ভেতরে প্রবেশের অভিনব চেষ্টা চালিয়ে রীতিমতো চমকে দিয়েছেন সবাইকে।

সম্প্রতি ভারতের মুম্বাইয়ে শাহরুখ খানের বাড়ি ‘মান্নাতে’ জোম্যাটো ডেলিভারি বয়ের ছদ্মবেশে ঢোকার চেষ্টা করেছেন শুভম প্রজাপত নামে এক সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার। টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ পায়। পরে শুভম নিজেই ঘটনার পুরো ভিডিও ইনস্টাগ্রামে পোস্ট করলে তা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।

ভিডিওতে দেখা যায়, শুভম মান্নাতের সামনে দাঁড়িয়ে নিজের মনের কথা বলেন—তিনি শাহরুখ খানের ভক্ত এবং একবার তার সঙ্গে দেখা করাই স্বপ্ন। সাধারণ উপায়ে সেটি সম্ভব না জেনে তিনি পরিকল্পনা করেন ছদ্মবেশে বাড়ির ভেতরে প্রবেশের।

পরিকল্পনা অনুযায়ী, শুভম জোম্যাটো অ্যাপে দুটি কোল্ড কফি অর্ডার করেন—একটি নিজের জন্য, অন্যটি শাহরুখ খানের নামে। ঠিকানা দেন ‘মান্নাত’। কিছুক্ষণের মধ্যেই প্রকৃত ডেলিভারি বয় এসে পৌঁছালে, শুভম তাকে অনুরোধ করে ব্যাগটি নিজের কাঁধে তুলে নেন এবং নিজেই ডেলিভারি দিতে যান।

শুভম আত্মবিশ্বাস নিয়ে মান্নাতের মূল গেটের দিকে এগিয়ে গেলে সেখানকার নিরাপত্তারক্ষীরা তাকে থামিয়ে দেন এবং পাশের পেছনের গেট দিয়ে প্রবেশ করতে বলেন। কিন্তু সেখানে গিয়েও তিনি ব্যর্থ হন। নিরাপত্তারক্ষীরা তাকে যিনি অর্ডার দিয়েছেন, তার সঙ্গে যোগাযোগ করতে বলেন। কিন্তু ফোনে কোনো উত্তর না পাওয়ায় সন্দেহ গাঢ় হয়।

প্রহরীদের একজন মজা করে বলেন, “যদি শাহরুখ খান নিজে ফোন করেন, তাহলে কফির দোকানের লোকজন নাচতে শুরু করবে!” দ্রুতই প্রহরীরা বুঝে ফেলেন, এটি একজন উৎসাহী ভক্তের কৌশল। কোনো অপ্রত্যাশিত ঘটনা না ঘটলেও পুরো বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দেয়।

উল্লেখ্য, বর্তমানে শাহরুখ খান বসবাস করছেন মুম্বাইয়ের পালি হিল এলাকায়। ‘মান্নাত’-এর সংস্কারকাজ চলায় বাড়িটি সাময়িকভাবে ফাঁকা রয়েছে। সত্ত্বেও বাড়িটির নিরাপত্তা বলয় শক্ত অবস্থানে রয়েছে।

এদিকে, শাহরুখ খান বর্তমানে সিদ্ধার্থ আনন্দ পরিচালিত বহুল প্রতীক্ষিত অ্যাকশন থ্রিলার ‘কিং’ ছবির কাজে ব্যস্ত। এই সিনেমায় প্রথমবারের মতো তার মেয়ে সুহানা খানের সঙ্গে পর্দা ভাগ করবেন তিনি। এছাড়াও ছবিতে রয়েছেন অভিষেক বচ্চন, দীপিকা পাড়ুকোন, আরশাদ ওয়ারসি ও রানী মুখার্জির মতো তারকারা। সিনেমাটি মুক্তি পাবে ২০২৬ সালে।