বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে রাজধানীর বিভিন্ন স্থানে লাগানো ব্যানার ও ফেস্টুন অপসারণ কর্মসূচি শুরু করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। নগর পরিচ্ছন্নতা নিশ্চিত এবং জনদুর্ভোগ কমানোর লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
\r\nশুক্রবার (১ জানুয়ারি) সকালে শাহবাগ থানা এলাকায় ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাবিক ও সাধারণ সম্পাদক নাসির উদ্দীন নাসির নিজ হাতে ব্যানার খুলে কর্মসূচির উদ্বোধন করেন। এরপর আশপাশের গুরুত্বপূর্ণ সড়ক ও স্থাপনায় লাগানো ব্যানার ও ফেস্টুন অপসারণ করা হয়।
\r\nকর্মসূচিতে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সংসদের যুগ্ম সম্পাদক রাজু আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি গনেশ চন্দ্র রায় সাহস, শাহবাগ থানা ছাত্রদলের সদস্য সচিব শাকিল হোসেন সাদ্দামসহ কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতাকর্মীরা।
\r\nছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাবিক বলেন, “তারেক রহমান আমাদের রাজনৈতিক অনুপ্রেরণা। তবে তিনি চান না কোনো উৎসব বা আনন্দের নামে নগর সৌন্দর্য নষ্ট হোক বা জনদুর্ভোগ সৃষ্টি হোক। তাই জনগণের প্রতি দায়বদ্ধতা থেকে আমরা এই কর্মসূচি হাতে নিয়েছি।”
\r\nসাধারণ সম্পাদক নাসির উদ্দীন নাসির বলেন, “ছাত্রদল সবসময় দায়িত্বশীল ও ইতিবাচক রাজনীতিতে বিশ্বাস করে। আমরা চাই রাজনৈতিক কার্যক্রম হোক শৃঙ্খলাবদ্ধ ও পরিবেশবান্ধব। এই উদ্যোগ সেই বার্তাই বহন করছে।”
\r\nছাত্রদলের নেতারা জানিয়েছেন, এই কর্মসূচি শুধু রাজধানীতে নয়, দেশের সকল এলাকায় বাস্তবায়ন করা হবে। ভবিষ্যতে ব্যানার নির্ভর প্রচারের পরিবর্তে জনসংযোগমূলক ও সচেতনতা ভিত্তিক কার্যক্রমে জোর দেওয়া হবে। এই উদ্যোগকে দায়িত্বশীল রাজনৈতিক আচরণের দৃষ্টান্ত হিসেবে দেখা হচ্ছে।





