১১ মে কুরআন দিবস উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির পূর্ব আলীরগাও ইউনিয়ন শাখার উদ্যোগে গোয়াইনঘাটে এক মনোজ্ঞ কুরআন তেলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১১ মে ২০২৬) দুপুর ২ ঘটিকায় বারহাল ফাজিল ডিগ্রি মাদ্রাসা হলরুমে আয়োজিত এ প্রতিযোগিতায় মাদ্রাসার ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণির শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। প্রতিযোগিতার বিষয় ছিল পবিত্র কুরআনের যেকোন সূরা বা আয়াত তেলাওয়াত।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পূর্ব আলীরগাও ইউনিয়ন ছাত্রশিবির সভাপতি মাসুম আহমেদ এবং পরিচালনা করেন বারহাল ফাজিল মাদ্রাসা শাখা সভাপতি আহনাফ ইফতেখার।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়াইনঘাট উপজেলা ছাত্রশিবিরের সেক্রেটারি বোরহান উদ্দিন আফ্রিদি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রশিবিরের সাবেক সাংগঠনিক সম্পাদক সাদিকুর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে বোরহান উদ্দিন আফ্রিদি বলেন, পবিত্র কুরআন মানবজাতির মুক্তির দিশারি। নতুন প্রজন্মকে কুরআনের আলোয় আলোকিত করতে হলে বেশি বেশি কুরআন চর্চা ও তেলাওয়াতের পরিবেশ সৃষ্টি করতে হবে। কুরআনের শিক্ষা ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে বাস্তবায়নের মাধ্যমেই একটি সুন্দর সমাজ গঠন সম্ভব।

অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এসময় শিক্ষার্থীদের কুরআনের সাথে সম্পর্ক আরও গভীর করার আহ্বান জানানো হয় এবং ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন অতিথিবৃন্দ।