প্রধানমন্ত্রী তারেক রহমান ছুটির দিনেও অফিসে কাজ করেছেন এবং ব্যস্ত সময় কাটিয়েছেন।


রাজধানীর তেজগাঁও কার্যালয়ে তিনি অফিস করেন। প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর টানা তিনটি শনিবার তিনি অফিসে উপস্থিত হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন তার ডেপুটি প্রেস সেক্রেটারি জাহিদুল ইসলাম রনি।


ডেপুটি প্রেস সেক্রেটারি জানান, প্রধানমন্ত্রীর জনপ্রশাসন উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ, অর্থ উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর এবং শিক্ষা ও প্রবাসী কল্যাণ উপদেষ্টা মাহদী আমিন কার্যালয়ে উপস্থিত ছিলেন। এছাড়া প্রেস সচিব সালেহ শিবলী, অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন ও অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তারাও ছিলেন।


তিনি জানান, প্রধানমন্ত্রী দুপুর ১২টায় কার্যালয়ে আসেন। এরপর বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক কৃষিবিদ ড. নার্গীস আক্তারের সঙ্গে বৈঠক করে পাটজাত পণ্যের বহুমুখী ব্যবহার বৃদ্ধির এবং বাজার সম্প্রসারণের বিষয়ে আলোচনা করেন।


দুপুর আড়াইটায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু প্রধানমন্ত্রীকে বিদ্যুৎ ও জ্বালানি খাতে ব্যয় কমানো এবং কার্যকর জ্বালানি ব্যবস্থাপনা নিয়ে অবহিত করেন।


এছাড়া দেশের ওলামা-মাশায়েখ এবং এতিমদের সম্মানে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ইফতারের আয়োজন করেছেন প্রধানমন্ত্রী। কার্যালয় থেকে তিনি সরাসরি সেখানে পৌঁছাবেন বলে জানানো হয়েছে।