উইমেনস চ্যালেঞ্জ কাপে শেষ ওভারে নাটকীয় উত্তেজনা ছড়ায়। জিততে বাংলাদেশের নারী সবুজ দলের দরকার ছিল ৫ রান, আর অনূর্ধ্ব-১৫ বালক দলের প্রয়োজন ৩ উইকেট।

\r\n

ওভারের প্রথম বলেই রাবেয়া খান ২ রান তুলে দলকে এগিয়ে নেন। কিন্তু তৃতীয় বলে সুইপ করতে গিয়ে ফাইন লেগে অমিতের হাতে ধরা পড়েন তিনি। তখন সমীকরণ দাঁড়ায় ৩ বলে ৩ রান। নতুন ব্যাটার সুলতানা খাতুন প্রথম বল ডট খেললেও পঞ্চম বলে ২ রান নিয়ে ম্যাচ টাই করেন। শেষ বলে জয়সূচক রান নেওয়ার চেষ্টা করতে গিয়ে আউট হয়ে যান তিনি। ফলে ম্যাচ গড়ায় সুপার ওভারে।

\r\n

সুপার ওভারে আগে ব্যাট করে মাত্র ৫ রানের লক্ষ্য ছুড়ে দেয় নারী সবুজ দল। জবাবে প্রথম বলেই খেয়াল রায় এক রান নিলে, দ্বিতীয় বলে ডাউন দ্য উইকেটে ছক্কা হাঁকিয়ে ম্যাচ শেষ করে দেন অনূর্ধ্ব-১৫ দলের অধিনায়ক বায়েজিদ বোস্তামি। সেই সঙ্গে অপরাজিত থেকে চ্যাম্পিয়ন হওয়ার উৎসবে মেতে ওঠে বালকরা।

\r\n

এর আগে টস জিতে ব্যাট করতে নেমে আফজাল হোসেন আলিফ ও আফ্রিদির জোড়া ফিফটিতে ৫০ ওভারে ৬ উইকেটে ১৮৫ রান তোলে অনূর্ধ্ব-১৫ দল। আফ্রিদি করেন ৫০ রান, আর অপরাজিত ৬৭ রান করেন আলিফ। নারী দলের পক্ষে নিশিতা আক্তার নিশি নেন সর্বোচ্চ ২ উইকেট।

\r\n

জয়ের সুবর্ণ সুযোগ পেয়েও শেষ পর্যন্ত ১৮৫ রানে অলআউট হয় নারী সবুজ দল। তাদের হয়ে সর্বোচ্চ ৩৬ রান করেন শারমিন আক্তার। বল হাতে আফ্রিদি নেন সর্বোচ্চ ৩ উইকেট।

\r\n

রোমাঞ্চকর লড়াইয়ের পরও শিরোপা হাতছাড়া হওয়ায় হতাশায় মাঠ ছাড়তে হয় নাহিদা আক্তার–ফারজানা হকদের।