জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচন আগামী ৬ জানুয়ারি অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ উপলক্ষে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের জন্য নতুন নির্দেশনা জারি করা হয়েছে।


বৃহস্পতিবার (১ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিনের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব নির্দেশনার কথা জানানো হয়।


বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, আগামী ৬ জানুয়ারি জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ এবং হল শিক্ষার্থী সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।



নির্বাচন সুষ্ঠুভাবে আয়োজনের লক্ষ্যে আগামী ৪ থেকে ৬ জানুয়ারি পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীকে নিজ নিজ কর্মস্থলে উপস্থিত থাকতে বলা হয়েছে। এ সময়ের মধ্যে কোনো ধরনের ছুটির আবেদন না করার নির্দেশনাও দেওয়া হয়েছে।


এ ছাড়া উল্লিখিত সময়ের মধ্যে বিশ্ববিদ্যালয়ের কোনো ইনস্টিটিউট বা বিভাগের শিক্ষা সফরের সময়সূচি না রাখার জন্য অনুরোধ জানানো হয়েছে।


বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিষয়টি বাস্তবায়নে সব অনুষদের ডিন, ইনস্টিটিউটের পরিচালক, বিভাগের চেয়ারম্যান এবং দপ্তরপ্রধানদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে।