জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনে সর্বশেষ ১১টি বিভাগের ফলাফল ঘোষণা করা হয়েছে। ঘোষিত ফল অনুযায়ী সহসভাপতি (ভিপি) পদে ছাত্রদল সমর্থিত প্রার্থী এগিয়ে থাকলেও সাধারণ সম্পাদক (জিএস) ও সহসাধারণ সম্পাদক (এজিএস) পদে ইসলামী ছাত্রশিবির সমর্থিত প্রার্থীরা এগিয়ে রয়েছেন।

১১ বিভাগের ফলাফলে ভিপি পদে ছাত্রদল সমর্থিত এ কে এম রাকিব পেয়েছেন ১ হাজার ১৪২ ভোট। একই পদে ইসলামী ছাত্রশিবির সমর্থিত রিয়াজুল ইসলাম পেয়েছেন ১ হাজার ৩১ ভোট। ফলে ১১১ ভোটের ব্যবধানে ভিপি পদে এগিয়ে রয়েছেন ছাত্রদল প্রার্থী।

সাধারণ সম্পাদক (জিএস) পদে শিবির সমর্থিত আব্দুল আলীম আরিফ পেয়েছেন ১ হাজার ১০১ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত খাদিজাতুল কুবরা পেয়েছেন ৫৭০ ভোট। এতে ৫৩১ ভোটের ব্যবধানে জিএস পদে এগিয়ে রয়েছেন আব্দুল আলীম।

সহসাধারণ সম্পাদক (এজিএস) পদে শিবির সমর্থিত মাসুদ রানা পেয়েছেন ১ হাজার ২০ ভোট। একই পদে ছাত্রদল সমর্থিত তানজিল পেয়েছেন ৮৯৮ ভোট। ফলে ১২২ ভোটের ব্যবধানে এজিএস পদে শিবির প্রার্থী এগিয়ে রয়েছেন।

নির্বাচন কমিশন জানিয়েছে, বাকি বিভাগগুলোর ফলাফল গণনা শেষে পর্যায়ক্রমে চূড়ান্ত ফল ঘোষণা করা হবে।