জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনে প্রাথমিকভাবে চারটি কেন্দ্রের ফল প্রকাশ করা হয়েছে। এসব ফলে শিবির সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেলের ভিপি, জিএস ও এজিএস প্রার্থীরা এগিয়ে রয়েছেন।

বুধবার (৭ জানুয়ারি) সকাল পৌনে ৮টার দিকে ৩৯টি কেন্দ্রের মধ্যে চারটি কেন্দ্রের ফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার ড. আনিসুর রহমান, অধ্যাপক ড. শহিদুল ইসলাম ও অধ্যাপক ড. জুলফিকার মাহমুদ। প্রকাশিত কেন্দ্রগুলো হলো ভূগোল ও পরিবেশ বিজ্ঞান, নৃবিজ্ঞান, লোকপ্রশাসন ও ফার্মেসি বিভাগ।

ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগে ভিপি পদে শিবির সমর্থিত রিয়াজুল ইসলাম ১০০ ভোট, জিএস পদে আব্দুল আলিম আরিফ ৯০ এবং এজিএস পদে মাসুদ রানা ৯৮ ভোট পেয়ে এগিয়ে আছেন। একই বিভাগে ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নির্ভিক জবিয়ান’ প্যানেলের ভিপি প্রার্থী একেএম রাকিব পেয়েছেন ৯১ ভোট, জিএস প্রার্থী খাদিজাতুল কোবরা ৪৫ এবং এজিএস প্রার্থী আতিকুর রহমান তানজিল ৮৫ ভোট।

নৃবিজ্ঞান বিভাগে ভিপি পদে রিয়াজুল ইসলাম পেয়েছেন ১২৮ ভোট, জিএস পদে আব্দুল আলিম আরিফ ১২৩ এবং এজিএস পদে মাসুদ রানা ১০২ ভোট। একই কেন্দ্রে ছাত্রদল সমর্থিত একেএম রাকিব পেয়েছেন ১১৮ ভোট, খাদিজাতুল কোবরা ৭৩ এবং আতিকুর রহমান তানজিল ১২৬ ভোট।

লোকপ্রশাসন বিভাগে ভিপি পদে রিয়াজুল ইসলাম ১২২ ভোট, জিএস পদে আব্দুল আলিম আরিফ ১২৩ এবং এজিএস পদে মাসুদ রানা ১৩০ ভোট পেয়েছেন। অপরদিকে ছাত্রদল সমর্থিত একেএম রাকিব পেয়েছেন ১৩২ ভোট, খাদিজাতুল কোবরা ৬২ এবং আতিকুর রহমান তানজিল ১০৬ ভোট।

ফার্মেসি বিভাগে ভিপি পদে রিয়াজুল ইসলাম পেয়েছেন ৭৮ ভোট, জিএস পদে আব্দুল আলিম আরিফ ৮৩ এবং এজিএস পদে মাসুদ রানা ৭৮ ভোট। একই কেন্দ্রে ছাত্রদল সমর্থিত একেএম রাকিব ৫৩ ভোট, খাদিজাতুল কোবরা ২৬ এবং আতিকুর রহমান তানজিল ৪৫ ভোট পেয়েছেন।

নির্বাচন কমিশন জানিয়েছে, বাকি কেন্দ্রগুলোর ফল পর্যায়ক্রমে ঘোষণা করা হবে।