জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচনের নতুন তফশিল ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয়ের নির্বাচন কমিশন। পুনঃতফশিল অনুযায়ী নির্বাচন আগামী ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিশেষ সিন্ডিকেট সভার পরে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোস্তফা হাসান সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী ৩০ ডিসেম্বর জকসু নির্বাচনের চূড়ান্ত তারিখ নির্ধারণ করা হয়েছে। বিশ্ববিদ্যালয় ৮ ডিসেম্বর থেকে খোলা হবে এবং এই সময়ের মধ্যে বাকি প্রক্রিয়াগুলো সম্পন্ন করা হবে। আমরা সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের চেষ্টা করছি।
নির্বাচন কমিশনার ইতোমধ্যে জকসু নির্বাচন ২০২৫-এর পরিবর্তিত তফশিল প্রকাশ করেছেন। নতুন তফশিল অনুযায়ী প্রার্থীদের ডোপ টেস্ট হবে ৯ ও ১০ ডিসেম্বর (মঙ্গলবার ও বুধবার)। ১১ ডিসেম্বর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। মনোনয়নপত্র প্রত্যাহারের সময় নির্ধারণ করা হয়েছে ১৩ ও ১৪ ডিসেম্বর (শনিবার ও রবিবার) সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত। ১৪ ডিসেম্বর একই দিনে প্রত্যাহারকৃত প্রার্থীদের তালিকাও প্রকাশ করা হবে। নির্বাচনি প্রচারণা চলবে ১৫ থেকে ২৭ ডিসেম্বর, মোট ১৩ দিন। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ৩০ ডিসেম্বর (মঙ্গলবার), এবং ভোটগ্রহণ শেষে ফলাফল ঘোষণা করা হবে ৩০ বা ৩১ ডিসেম্বর।
এর আগে ভূমিকম্প আতঙ্ক ও শিক্ষার্থীদের দাবির কারণে ২৩ থেকে ২৭ নভেম্বর বিশ্ববিদ্যালয়ে ছুটি ঘোষণা করা হয়। পরে ৩০ নভেম্বর থেকে ৪ ডিসেম্বর পর্যন্ত অনলাইন ক্লাস নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। এই সময় জকসু নির্বাচন কমিশন ডোপ টেস্টসহ অন্যান্য গুরুত্বপূর্ণ কার্যক্রম স্থগিত রাখে এবং চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশও স্থগিত থাকে।





