জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচনের ভোট গণনার সময় একটি ব্যালট বাক্স খোলার সময় আঘাতপ্রাপ্ত হয়ে স্বতন্ত্র প্রার্থীর পোলিং এজেন্ট, নাট্যকলা বিভাগের শিক্ষার্থী মিথুন চন্দ্র দাশ অজ্ঞান হয়ে পড়েন। বর্তমানে তিনি মেডিকেল টিমের তত্ত্বাবধানে জবি শিক্ষক সমিতির কার্যালয়ে চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনাটি বুধবার সন্ধ্যায় জকসু নির্বাচন কমিশনের কেন্দ্রীয় নিয়ন্ত্রণকক্ষে ঘটেছে।
নাট্যকলা বিভাগের চেয়ারম্যান ক্যাথরিন পিউরীফিকেশন জানান, মিথুন দীর্ঘ সময় না ঘুমানোর কারণে ক্লান্ত ছিলেন। ব্যালট বাক্স খোলার সময় টেবিলে হাতের কনুই আঘাত পায়, যা সম্ভবত নার্ভে লেগে হঠাৎ তিনি চেয়ার থেকে পড়ে যান। পরে শিক্ষক সমিতির কার্যালয়ে আনা হলে চিকিৎসকদের তত্ত্বাবধানে রাখা হয়। তিনি এখন কিছুটা সুস্থ আছেন এবং চিকিৎসক এক্সরে করার পরামর্শ দিয়েছেন।
ফাইন্যান্স বিভাগের অধ্যাপক ড. ওমর ফারুক জানান, এটি সামান্য আঘাত এবং দীর্ঘ সময় না ঘুমানোর কারণে কিছুটা অসুস্থ হয়ে পড়েছিলেন। আশা করা হচ্ছে খুব দ্রুতই তিনি সুস্থ হয়ে উঠবেন।





