জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের চলমান তিন দফা দাবির আন্দোলনে সংহতি প্রকাশ করে বৃহস্পতিবার (১৫ মে) বিকেলে আন্দোলনে যোগ দেবে ‘জুলাই অভ্যুত্থান’ অনুপ্রাণিত সাংস্কৃতিক সংগঠন ইনকিলাব মঞ্চ।
\r\nসংগঠনটির মুখপাত্র শরিফ উসমান হাদী দুপুরে এক ফেসবুক পোস্টে এই ঘোষণা দেন। তিনি জানান, বিকেল ৫টায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ন্যায্য দাবির প্রতি একাত্মতা জানিয়ে ইনকিলাব মঞ্চ সরাসরি কর্মসূচিতে অংশ নেবে।
\r\nশরিফ উসমান হাদী লেখেন, \"জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে যে তিনটি মৌলিক দাবির জন্য আন্দোলন করে আসছেন, তা পুরোপুরি যৌক্তিক। এই দাবিগুলোর বাস্তবায়ন শুধু শিক্ষার্থীদের অধিকার রক্ষার বিষয় নয়, এটি ন্যায়বিচারের প্রশ্নও। ইনকিলাব মঞ্চ সেই দাবির পাশে আছে এবং থাকবে।\"
\r\nজগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের তিন দফা দাবি হলো: আবাসন সমস্যা সমাধানে: ২০২৫–২৬ অর্থবছর থেকে আবাসন ব্যবস্থা নিশ্চিত না হওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ৭০ শতাংশ শিক্ষার্থীর জন্য আবাসন বৃত্তি চালু করতে হবে। বাজেট বরাদ্দ রক্ষা: প্রস্তাবিত পূর্ণাঙ্গ বাজেট কাটছাঁট না করে অনুমোদন করতে হবে।দ্বিতীয় ক্যাম্পাস বাস্তবায়ন: বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস প্রকল্পটি পরবর্তী একনেক সভায় অনুমোদন দিয়ে অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়ন করতে হবে।
\r\nএর আগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন এবং গত কয়েক দিনে তাদের কর্মসূচিতে বিভিন্ন পেশাজীবী, রাজনৈতিক এবং সাংস্কৃতিক সংগঠনের একাংশ সংহতি প্রকাশ করে যোগ দিয়েছেন।
\r\nইনকিলাব মঞ্চের মতো সাংস্কৃতিক সংগঠনের যোগদানে আন্দোলন আরও বেগবান হবে বলে ধারণা করছেন শিক্ষার্থীরা।





