বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম বলেছেন, “জনগণ এবার আর কোনো ভোট ডাকাত ও লুটেরাদের ভোট দেবে না। কোনো চক্রান্ত কিংবা ষড়যন্ত্রের কাছে মাথানত করা যাবে না।”
বুধবার (২০ আগস্ট) সকালে ব্রাহ্মণবাড়িয়ার আল হেরা কমপ্লেক্সে জেলা জামায়াত আয়োজিত নির্বাচনী দায়িত্বশীল সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, “নিরপেক্ষ নির্বাচনের দাবিতে প্রয়োজনে আন্দোলনে নামতে হবে। অবাধ ও সুষ্ঠু জাতীয় নির্বাচন নিশ্চিত করতে হলে ‘জুলাই ঘোষণা’ ও ‘জুলাই সনদ’-কে আইনি ভিত্তি দিতে হবে।”
এসময় সরকারকে উদ্দেশ করে এটিএম মা’ছুম জামায়াত ঘোষিত সাত দফা দাবি মেনে নেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, “বাকশালের বুলেটিনখ্যাত সংবিধান দিয়ে দেশ চলতে পারে না। জনগণের প্রত্যাশা অনুযায়ী নির্বাচন করতে হলে নির্বাচন কমিশন ও আইন-শৃঙ্খলা বাহিনীতে সংস্কার আনতে হবে। স্বৈরাচারের আমলে দায়িত্ব পালন করা কর্মকর্তাদের বাদ দিয়ে দেশপ্রেমিক কর্মকর্তাদের মাধ্যমে নির্বাচন পরিচালনা করতে হবে। পক্ষপাতদুষ্ট আচরণ করলে নির্বাচন কমিশন নিরপেক্ষতা হারাবে।”
সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও কুমিল্লা অঞ্চল টিমের সদস্য আব্দুস সাত্তার, কুমিল্লা জেলা উত্তর শাখার আমির অধ্যাপক আব্দুল মতিন।
সভায় সভাপতিত্ব করেন জেলা আমির মাওলানা মোবারক হোসেন আকন্দ এবং সঞ্চালনা করেন জেলা সেক্রেটারি মাওলানা আমিনুল ইসলাম।
এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য দেন ব্রাহ্মণবাড়িয়া জেলার বিভিন্ন আসনের প্রার্থী—অধ্যাপক জোনায়েদ হাসান (আসন-৩), আতাউর রহমান সরকার (আসন-৪), অ্যাডভোকেট আব্দুল বাতেন (আসন-৫), অধ্যাপক মো. নকিবুল হুদা (আসন-৬) ও অধ্যাপক আমিনুল ইসলাম (আসন-১)।
সম্মেলনে আসন কমিটির সদস্য, উপজেলা ও পৌর কমিটির পুরুষ ও মহিলা সদস্যরা উপস্থিত ছিলেন। এ সময় আরও বক্তব্য দেন জেলা কর্মপরিষদ সদস্য অধ্যাপক ফায়জুল করিম মনোয়ার, কাজী সিরাজুল ইসলাম, রাজিফুল হাসান বাপ্পী, আবুল বাশার ভূঁইয়া ও মো. রোকন উদ্দিন।





