নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালী গত ১৫ বছরের ফ্যাসিবাদী শাসন থেকে দেশের মানুষের গণতন্ত্র ও নাগরিক অধিকার পুনরুদ্ধারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আপসহীন ভূমিকা পালন করছেন বলে মন্তব্য করেছেন ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকেলে নোয়াখালীর সুবর্ণচর উপজেলার সৈকত সরকারি কলেজ মাঠে আয়োজিত “বীর মুক্তিযোদ্ধা শহীদ জিয়া স্মৃতি ক্রিকেট প্রীতি ম্যাচ–২০২৫” অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সদর ও সুবর্ণচর উপজেলা ছাত্রদল এই বিশেষ ম্যাচের আয়োজন করে।
নাছির উদ্দিন নাছির তার বক্তব্যে আগামী ২৫ ডিসেম্বর তারেক রহমানের দেশে ফেরার বিষয়টি গুরুত্বের সাথে উল্লেখ করেন। তিনি বলেন: তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে কেন্দ্র করে ইতিমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। দেশের সাধারণ মানুষ এবং ভিন্ন রাজনৈতিক মতাদর্শের লোকেরাও মনে করছেন তারেক রহমানের ফেরা একটি ঐতিহাসিক ঘটনা। ঢাকায় লক্ষ লক্ষ মানুষ তাকে রাজকীয় সংবর্ধনা জানাতে প্রস্তুত রয়েছে।
অনুষ্ঠানে মরহুম ওসমান হাদীর স্মৃতি চারণ করে নাছির বলেন, ওসমান হাদী সবসময় গণতন্ত্র এবং গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাস করতেন। বর্তমানে একটি নির্দিষ্ট পক্ষ পরিকল্পিতভাবে গণমাধ্যমের ওপর হামলা চালিয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে, যা গণতন্ত্রের জন্য চরম হুমকিস্বরূপ। তিনি ওসমান হাদীর হত্যাকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বর্তমান পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলে ছাত্রদল সম্পাদক বলেন: \"একটি পক্ষ শুধুমাত্র স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করছে। অথচ মন্ত্রণালয়ের দায়িত্ব একাধিক ব্যক্তি পালন করছেন, এমনকি প্রধান উপদেষ্টার একজন বিশেষ সহকারীও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিচ্ছেন। তাহলে শুধু একজনের পদত্যাগ কেন চাওয়া হচ্ছে—জাতি তা জানতে চায়।\"
খেলায় ‘তারুণ্যের সুবর্ণচর’ ও ‘অদম্য সদর’ নামে দুটি দল অংশ নেয়। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই ম্যাচে ‘তারুণ্যের সুবর্ণচর’ জয় লাভ করে। ম্যাচটি দেখতে মাঠে রাজনৈতিক, সামাজিক ও ক্রীড়া ব্যক্তিত্বসহ বিপুল সংখ্যক দর্শক উপস্থিত ছিলেন, যা পুরো এলাকায় একটি উৎসবমুখর পরিবেশ তৈরি করে।





