জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ক্যাম্পাসে উদিচী জবি শাখার একটি কক্ষে নিয়মিত গাঁজা সেবনের অভিযোগ উঠেছে। শুক্রবার (১৪ নভেম্বর) রাতে সাংবাদিকরা বিষয়টি অনুসন্ধান করতে গেলে তাদের ওপর হুমকির ঘটনা ঘটে। ঘটনার সময় নেতৃত্ব দেন নাট্যকলা বিভাগের ১৬ ব্যাচের শিক্ষার্থী মোস্তাকিনসহ সৌমিক বোস, রুদ্র ও অন্যান্য সহযোগী শিক্ষার্থীরা। ঘটনা ঘটে বিশ্ববিদ্যালয়ের অবকাশ ভবনের চতুর্থ তলায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, অবকাশ ভবনের চতুর্থ তলায় তখন প্রেসক্লাবের সদস্যদের প্রশিক্ষণ কর্মসূচি চলছিল। উদিচীর কক্ষে তীব্র গাঁজার গন্ধ অনুভব করায় সাংবাদিকরা সেখানে যান এবং দায়িত্বশীল ব্যক্তির সঙ্গে কথা বলার চেষ্টা করেন। তখন শোভন নামের শিক্ষার্থী নিজেকে দায়িত্বশীল হিসেবে পরিচয় দেন। কিন্তু সাংবাদিকরা কক্ষে গাঁজা সেবনের প্রমাণ দেখেন এবং জানালার পাশে গাঁজার ছাই পান।
এরপর মোস্তাকিন কক্ষে এসে সাংবাদিকদের তেড়ে আসে এবং চিৎকার করতে থাকে। তিনি বলেন, “আমি গাঁজা খাই। ভিসি ভবনের সামনে মাইকিং করে সবাইকে বলব।” এসময় উপস্থিত সাংবাদিকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন তিনি। পরে কয়েকজন সিনিয়র সাংবাদিক পরিস্থিতি শান্ত করার চেষ্টা করলে তাদেরকেও হুমকি প্রদান করা হয়। কক্ষে উপস্থিত দুই নারী শিক্ষার্থীও অশোভন আচরণ করেন।
উদিচীর সাধারণ সম্পাদক আমরিন জাহান অমি জানান, এমন ঘটনা আগেও ঘটেছে। দায়িত্ব নেওয়ার পর সদস্যদের বারবার এসব বিষয়ে নিষেধ করা হয়েছে। যারা দোষী তাদের বিরুদ্ধে প্রশাসন ব্যবস্থা নেবে।
\r\n\r\n\r\n\r\n
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ তাজাম্মুল হক বলেন, “আমি ঘটনাটি শুনেছি। একজন সহকারী প্রক্টরকে সেখানে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”





