জম্মু-কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার জেরে ভারত-পাকিস্তানের মধ্যে টানাপড়েনের মধ্যেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশের শীর্ষ সামরিক ও বেসামরিক কর্মকর্তাদের সঙ্গে জরুরি বৈঠকে বসেছেন। সোমবার (১২ মে) দুপুরে দিল্লিতে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনে অনুষ্ঠিত হয় এই উচ্চপর্যায়ের বৈঠক।

\r\n

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, বৈঠকে সভাপতিত্ব করছেন প্রধানমন্ত্রী মোদি। উপস্থিত রয়েছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর, চিফ অব ডিফেন্স স্টাফ জেনারেল অনিল চৌহান, তিন বাহিনীর প্রধান—জেনারেল উপেন্দ্র দ্বিবেদী, অ্যাডমিরাল দিনেশ কে ত্রিপাঠি ও এয়ার চিফ মার্শাল অমরপ্রীত সিং।

\r\n

এছাড়া বৈঠকে অংশ নিয়েছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা (এনএসএ) অজিত ডোভাল, পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রী, ইন্টেলিজেন্স ব্যুরোর প্রধান তপন ডেকা এবং রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইং (RAW)-এর প্রধান রবি সিনহা।

\r\n

বৈঠকটি এমন এক সময়ে অনুষ্ঠিত হচ্ছে, যখন জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসী হামলার জন্য পাকিস্তানকে দায়ী করেছে ভারত। এর পর থেকেই দুই দেশের মধ্যে উত্তেজনা চরমে ওঠে। সীমান্তে কয়েকদিনের গুলিবিনিময়ের পর সাময়িক যুদ্ধবিরতির চুক্তি হলেও পরিস্থিতি এখনও জটিল।

\r\n

সোমবারই ভারত ও পাকিস্তানের সামরিক অপারেশন প্রধানদের মধ্যে উত্তেজনা নিরসন ও পরবর্তী পদক্ষেপ নিয়ে একটি আলাদা বৈঠক হওয়ার কথা রয়েছে। তবে তার আগেই মোদির এই বৈঠক হওয়ায় বিশ্লেষকদের মতে, এটি ভিন্ন তাৎপর্য বহন করছে এবং এতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের সম্ভাবনা রয়েছে।