হঠাৎ করে জরুরি বৈঠকে বসেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শনিবার (১৩ সেপ্টেম্বর) দুপুর ২টায় মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বোর্ডের প্রধান কার্যালয়ের সভাকক্ষে শুরু হয় এই বৈঠক। এতে উপস্থিত আছেন বোর্ডের শীর্ষ কর্মকর্তা ও পরিচালকরা।

\r\n

যদিও বাংলাদেশের জাতীয় দল এ মুহূর্তে সংযুক্ত আরব আমিরাতে এশিয়া কাপে অংশ নিচ্ছে এবং আজ মাঠে নামছে শ্রীলঙ্কার বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে, তবে দেশের ক্রিকেট প্রশাসনেই জমে উঠেছে ভিন্ন এক উত্তাপ।

\r\n

সূত্র জানিয়েছে, আজকের বৈঠকের প্রধান আলোচ্য বিষয় হলো বিসিবির আসন্ন নির্বাচন। এরই মধ্যে তিন সদস্যের নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। জানা গেছে, অক্টোবরের প্রথম সপ্তাহে হতে পারে এবারের নির্বাচন।

\r\n

সভায় নির্বাচনী রোডম্যাপ, প্রার্থিতা যাচাই-বাছাই, মনোনয়নপত্র জমা ও অন্যান্য প্রক্রিয়া নিয়ে আলোচনা চলছে বলে জানা গেছে।

\r\n

বোর্ডের অভ্যন্তরীণ সূত্র বলছে, নির্বাচনকে ঘিরে বিভিন্ন পদের জন্য সম্ভাব্য প্রার্থীদের মধ্যে তোড়জোড় শুরু হয়ে গেছে। এ প্রেক্ষিতেই এ জরুরি বৈঠক ডাকা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।