জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু)-এর সহ-সভাপতি আবদুর রশিদ জিতুসহ হল সংসদের নির্বাচিত বিভিন্ন নেতারা বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-তে যোগদান করেছেন।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে বিএনপির নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়।
আবদুর রশিদ জিতুর পাশাপাশি জাকসুর বিভিন্ন পর্যায়ের নেতারা ছাত্রদলে যোগ দিয়েছেন। এতে রয়েছেন শহিদ সালাম বরকত হলের ভিপি মারুফ হাসান ও জিএস মাসুদ রানা মিন্টু, আ ফ ম কামালউদ্দিন হলের এজিএস রিপন মন্ডল, নবাব সলিমুল্লাহ হলের ভিপি ইবনে শিহাব, আল বেরুনী হলের ভিপি রিফাত আহমেদ শাকিল, আফম কামালউদ্দিন হলের ভিপি জিএম এম রায়হান কবীর, রবীন্দ্রনাথ ঠাকুর হলের ভিপি অমিত বনিক, নওয়াব ফয়জুননেসা হলের ভিপি বুবলি আহমেদ, বেগম খালেদা জিয়া হলের ভিপি ফারহানা বিথি, মীর মোশাররফ হোসেন হলের জিএস শাহরিয়ার নাজিম রিয়াদ এবং শহীদ রফিক জব্বার হলের জিএস শরীফুল ইসলাম।
উল্লেখযোগ্য, দীর্ঘ ৩৩ বছর পর গত ১১ সেপ্টেম্বর জাকসু ও হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলা ভোটে কেন্দ্রীয় সংসদের ২৫টি পদের মধ্যে ২০টিতে ছাত্রশিবির সমর্থিত ‘সমন্বিত শিক্ষার্থী জোট’ প্যানেল জয়লাভ করে। বাকি ৫টির মধ্যে দুটি পদে স্বতন্ত্র প্রার্থী এবং বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ জয়ী হয়।





