জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনে নারীদের জন্য সংরক্ষিত ছয়টি আসনেই জয় পেয়েছেন ইসলামী ছাত্রশিবির সমর্থিত ‘সমন্বিত শিক্ষার্থী জোট’-এর প্রার্থীরা। এতে ক্যাম্পাসজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে নারী আসনের ফলাফল।

সংরক্ষিত পদগুলো হলো—সহ-সম্পাদক (এজিএস), সহ-ক্রীড়া সম্পাদক, সহ-সমাজসেবা ও মানবসম্পদ উন্নয়ন সম্পাদক এবং কার্যকরী সদস্যের তিনটি পদ।

ফলাফলে দেখা যায়, সহ-সম্পাদক (এজিএস) পদে শিবির সমর্থিত আয়েশা সিদ্দিকা মেঘলা সর্বোচ্চ ৩ হাজার ৪০২ ভোটে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাগছাস প্যানেলের মালিহা নামলাহ পান ১ হাজার ৮৩৬ ভোট।

সহ-ক্রীড়া সম্পাদক (নারী) পদে গণিত বিভাগের ফারহানা লুবনা ১ হাজার ৯৭৬ ভোট পেয়ে জয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী সিফাত আরা রুমকি পান ১ হাজার ৮৭৪ ভোট।

সহ-সমাজসেবা ও মানবসম্পদ উন্নয়ন সম্পাদক পদে ফার্মেসি বিভাগের শিক্ষার্থী নিগার সুলতানা ২ হাজার ৯৬৬ ভোটে নির্বাচিত হন। স্বতন্ত্র প্রার্থী তাজনিন নাহার তাম্মী পান ১ হাজার ২১৪ ভোট।

কার্যকরী সদস্যের তিনটি আসনেই বিজয়ী হয়েছেন শিবির সমর্থিত প্রার্থীরা। এর মধ্যে নুসরাত জাহান ইমা পান ৩ হাজার ১৪ ভোট, নাবিলা বিনতে হারুন ২ হাজার ৭৫০ ভোট ও ফাবলিহা জাহান পান ২ হাজার ৪৭৫ ভোট। এই ছয়টি সংরক্ষিত আসনে মোট ৩৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

উল্লেখ্য, এবারের জাকসু নির্বাচনে ২৫টি পদের মধ্যে ২০টিতেই জয়ী হয়েছে ইসলামী ছাত্রশিবির সমর্থিত সমন্বিত শিক্ষার্থী জোট। এর মধ্যে সাধারণ সম্পাদক (জিএস) এবং দুই সহ-সম্পাদকের (এজিএস) পদও রয়েছে।