বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক ও সমবেদনা জানিয়েছেন হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া পোস্টে তিনি বলেন, “বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।”

সজীব ওয়াজেদ জয় উল্লেখ করেন, দেশের বর্তমান সংকটময় সময়ে, যখন সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে এবং দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে, তখন খালেদা জিয়ার প্রয়াণ বাংলাদেশের উত্তরণের পথে গভীর প্রভাব ফেলবে।

তিনি বলেন, “অতীতের নানা চ্যালেঞ্জের মধ্যেও দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি অসংখ্য সাফল্য অর্জন করেছেন এবং দেশের জন্য গুরুত্বপূর্ণ নীতি নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।”

পোস্টে সজীব ওয়াজেদ জয় আরও উল্লেখ করেন, “জাতি গঠনে বেগম খালেদা জিয়ার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। তবে তার মৃত্যু বর্তমান সময়ে দেশের স্থিতিশীলতার প্রচেষ্টায় একটি বড় ধাক্কা হিসেবে বিবেচিত হবে।”

শেষে তিনি বেগম খালেদা জিয়ার অসংখ্য সমর্থক ও শুভাকাঙ্ক্ষীদেরও আন্তরিক সমবেদনা জানান।