নাটোর প্রতিনিধি :ত্রয়োদশ জাতীয় সংসদের হুইপ হিসেবে নিয়োগ পেয়েছেন নাটোর-২ আসনের সংসদ সদস্য এডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু।

সোমবার (২ মার্চ) দুপুরে রাষ্ট্রপতির নির্দেশক্রমে জাতীয় সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ নিয়োগ প্রদান করা হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, বরগুনা-২ আসনের সংসদ সদস্য মোঃ নুরুল ইসলামকে চীফ হুইপ এবং হবিগঞ্জ-৩ আসনের আলহাজ্ব মোঃ জি কে গউছ, খুলনা-৩ আসনের রকিবুল ইসলাম, শরিয়তপুর-৩ আসনের মিয়া নুর উদ্দিন আহমেদ অপু, দিনাজপুর-৪ আসনের মোঃ আখতারুজ্জামান মিয়া ও লক্ষ্মীপুর-৪ আসনের এ.বি.এম. আশরাফ উদ্দিন নিজামকে ত্রয়োদশ জাতীয় সংসদের হুইপ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

সূত্র জানায়, আগামী মঙ্গলবার নবনিযুক্ত চীফ হুইপ ও হুইপরা শপথ গ্রহণ করবেন এবং আগামী ১৩ মার্চ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন কার্যকর হবে।

বাংলাদেশের সংবিধান ও জাতীয় সংসদের কার্যপ্রণালী বিধি অনুযায়ী, হুইপ ও চীফ হুইপ সংসদে সরকারি দলের শৃঙ্খলা রক্ষা, আইন প্রণয়ন কার্যক্রমে সদস্যদের উপস্থিতি নিশ্চিত করা এবং গুরুত্বপূর্ণ বিল ও সিদ্ধান্ত গ্রহণের সময় দলীয় অবস্থান বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। সংসদীয় গণতন্ত্রের ধারাবাহিকতা বজায় রাখতে হুইপ পদকে অত্যন্ত গুরুত্বপূর্ণ সাংবিধানিক ও প্রশাসনিক দায়িত্ব হিসেবে বিবেচনা করা হয়।

নতুন এ নিয়োগের মাধ্যমে ত্রয়োদশ জাতীয় সংসদের কার্যক্রম আরও গতিশীল ও সুসংগঠিত হবে বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন।