জাতীয় নির্বাচনের তারিখ দ্রুত ঘোষণার দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সোমবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকে জামায়াতের প্রতিনিধিদল এ দাবি উত্থাপন করে। বৈঠকে নেতৃত্ব দেন দলটির সাধারণ সম্পাদক মিয়া গোলাম পরওয়ার।


\r\n

বৈঠকে জামায়াত নির্বাচনকে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য করার জন্য সব রাজনৈতিক দলের জন্য সমান সুযোগ নিশ্চিত করা, দেশব্যাপী অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান জোরদার করা এবং প্রতিটি ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপনের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করে।


\r\n

এছাড়া বৈঠকে জানান হয়, বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা অনলাইনে ভোটার হওয়ার সময় নানা জটিলতা ও প্রতিবন্ধকতার মুখোমুখি হচ্ছেন। জামায়াত নেতারা প্রবাসী নাগরিকদের ভোটাধিকার সুরক্ষায় বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সমাধান করার আহ্বান জানান।

\r\n

বৈঠকে উপস্থিত ছিলেন জামায়াতের সহকারী সাধারণ সম্পাদক মাওলানা এটিএম মা’ছুম, সাবেক এমপি ড. হামিদুর রহমান আযাদ, সহকারী সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সম্পাদক অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ এবং কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য অ্যাডভোকেট জসিম উদ্দিন সরকার।