জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক দুই উপাচার্য হারুন-অর-রশীদ ও মো. মশিউর রহমান-এর দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত। তাদের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগের তদন্ত চলমান থাকায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।


মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ সাব্বির ফয়েজ এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেন সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন।


দুদকের পক্ষে সংস্থাটির উপপরিচালক মুহাম্মদ জয়নাল আবেদীন তাদের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন। আবেদনে বলা হয়, দুই শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে তিন সদস্যের একটি তদন্ত দল গঠন করা হয়েছে। তদন্ত চলমান থাকায় এবং তারা দেশ ছেড়ে পালিয়ে যেতে পারে এমন আশঙ্কায় এই নিষেধাজ্ঞা প্রয়োজন বলে উল্লেখ করা হয়।


জানা গেছে, জাতীয় বিশ্ববিদ্যালয় বাংলাদেশ-এর উপাচার্য হিসেবে হারুন-অর-রশীদ প্রথমবার দায়িত্ব নেন ২০১৩ সালের ৬ মার্চ, যা ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সাবেক এই অধ্যাপকের প্রথম মেয়াদ। চার বছর পর ২০১৭ সালে তাকে পুনরায় নিয়োগ দেওয়া হয়।


পরবর্তীতে ২০২১ সালে অধ্যাপক মশিউর রহমান জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্ব গ্রহণ করেন। এর আগে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছেন।