জাতীয় স্বার্থের বিপরীতে গিয়ে রাজস্ব আদায় কার্যক্রম বন্ধ রাখা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেন, আন্দোলন হয়ে গেছে, এখন ভয় বা পক্ষপাত না করে স্বচ্ছতার সঙ্গে দায়িত্ব পালন করা দরকার।
\r\nসোমবার (৩০ জুন) দুপুরে সচিবালয়ে অর্থ বিভাগের মনিটরিং সেলের কার্যক্রম উদ্বোধনের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
\r\nএনবিআর কর্মকর্তাদের উদ্দেশে ড. সালেহউদ্দিন বলেন, “পোর্ট বন্ধ করে রাজস্ব আদায়ের মতো গুরুত্বপূর্ণ খাত অচল করে দেওয়া বড় ধরনের ক্ষতির কারণ হয়েছে। তাই এখন সবার উচিত নিরপেক্ষ ও সৎভাবে কাজ করা। কেউ স্বচ্ছতার বাইরে কিছু করলে তদন্ত হবে, কিন্তু যারা ঠিকভাবে কাজ করবেন, তাদের ভয় পাওয়ার কিছু নেই।”
\r\nরোববার (২৯ জুন) দুর্নীতি দমন কমিশন (দুদক) ঘুষ ও অবৈধ সম্পদের অভিযোগে এনবিআরের ছয় কর্মকর্তার বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে। এ বিষয়ে উপদেষ্টা বলেন, “এটি সরকারের নির্দেশে নয়, দুদক তাদের নিজস্ব উদ্যোগেই কাজটি করছে।”
\r\nসাম্প্রতিক এনবিআর সংস্কার আন্দোলন ও কিছু মহলে সরকারের উদ্যোগ নিয়ে সমালোচনার জবাবে উপদেষ্টা বলেন, “অনেকেই বলেন কিছুই হচ্ছে না, কিন্তু যাদের চোখ আছে তারা দেখবেন—অনলাইনে সেবা, কাঠামোগত পরিবর্তন, প্রক্রিয়াগত উন্নয়ন ইতিমধ্যে হয়েছে। শুধু বিল্ডিং নয়, কাজ হচ্ছে গভীরে। বিশ্বব্যাংক বা আইএমএফ সহযোগিতা করছে বলেই সব তাদের ইচ্ছেমতো হচ্ছে না, বরং জাতীয় প্রয়োজনেই আমরা এগোচ্ছি।”
\r\nপ্রসঙ্গত, এনবিআর সংস্কার ও জনবল কাঠামো সংশোধনের দাবিতে চলতি বছরের ১২ মে থেকে আন্দোলনে নেমেছিলেন সংস্থাটির কর্মকর্তা-কর্মচারীরা। এতে কয়েক সপ্তাহ ধরে রাজস্ব আদায়ে অচলাবস্থা তৈরি হয়। তবে শেষ পর্যন্ত ২৯ জুন রাতে ‘এনবিআর সংস্কার ঐক্য পরিষদ’ তাদের ঘোষিত শাটডাউন কর্মসূচি প্রত্যাহার করে নেয়।





