ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হয়েছে। নির্বাচিত প্রতিনিধিরা রোববার (১৪ সেপ্টেম্বর) অথবা সোমবার (১৫ সেপ্টেম্বর) আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করতে পারেন বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদ।

শনিবার (১৩ সেপ্টেম্বর) তিনি জানান, নির্বাচিতদের চিঠি পাঠানোসহ যাবতীয় প্রক্রিয়া ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে। শপথের বিষয়টি আইনে নির্দিষ্ট না থাকলেও রেওয়াজ অনুযায়ী উপাচার্য এবং ডাকসুর প্রতিনিধিরা সিদ্ধান্ত নেবেন।

ডাকসু নির্বাচনে সহ-সভাপতি (ভিপি) পদে সাদিক কায়েম, সাধারণ সম্পাদক (জিএস) পদে এসএম ফরহাদ এবং সহকারী সাধারণ সম্পাদক (এজিএস) পদে মহিউদ্দীন খান নির্বাচিত হয়েছেন। এ প্যানেলের বাইরে বাকি পাঁচটি পদের মধ্যে চারটিতে স্বতন্ত্র প্রার্থী এবং একটিতে বামপন্থি প্যানেল প্রতিরোধ পর্ষদের প্রার্থী জয়ী হয়েছেন।

প্রকাশিত ফলাফলের পর উপাচার্য নির্বাচিত প্রতিনিধিদের পরিচিতি সভায় আমন্ত্রণ জানাবেন। সভার মাধ্যমে ২০২৫ সালের ডাকসুর নির্বাচিত প্রতিনিধিরা আনুষ্ঠানিকভাবে তাদের কার্যক্রম শুরু করবেন।