জাপানের উত্তরাঞ্চলীয় ইওয়াতে অঞ্চলে ভয়াবহ দাবানল টানা চার দিনেও নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। এতে প্রায় ২ হাজার একর বনভূমি আগুনে পুড়ে গেছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

আগুনের শিখা এখন ওতসুচি শহরের আবাসিক এলাকার কাছাকাছি পৌঁছে যাওয়ায় তিন হাজারের বেশি বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

দাবানল নিয়ন্ত্রণে এক হাজারেরও বেশি দমকলকর্মী নিরবচ্ছিন্নভাবে কাজ করছেন। স্থানীয় বাহিনীর পাশাপাশি টোকিওসহ পাঁচটি অঞ্চল থেকে উদ্ধারকারী দল এতে যোগ দিয়েছে। দুর্গম ভূপ্রকৃতির কারণে জাপানের সেলফ-ডিফেন্স ফোর্সের হেলিকপ্টার থেকেও পানি ছিটিয়ে আগুন নেভানোর চেষ্টা চলছে।

এটি জাপানের ইতিহাসে তৃতীয় বৃহত্তম দাবানলের ঘটনা হিসেবে চিহ্নিত হয়েছে বলে জানা গেছে। এর ফলে বহু পরিবার আবারও ঘরবাড়ি হারানোর আতঙ্কে দিন কাটাচ্ছে। অনেকেই আত্মীয়-স্বজনের বাড়িতে আশ্রয় নিয়েছেন, আবার কেউ কেউ মুরিওকা শহরের দিকে সরে গেছেন।

এখন পর্যন্ত বেশ কয়েকটি আবাসিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাওয়া গেছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী কয়েক দিনে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই, ফলে আগুন নিয়ন্ত্রণে আনা আরও কঠিন হয়ে পড়েছে। পাশাপাশি বাতাসের গতি বাড়লে আগুন দ্রুত ছড়িয়ে পড়ার আশঙ্কাও রয়েছে।

স্থানীয় প্রশাসন জানিয়েছে, পরিস্থিতি মোকাবিলায় সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হচ্ছে এবং উদ্ধার ও নিয়ন্ত্রণ কার্যক্রম অব্যাহত রয়েছে।