বাংলাদেশের উচ্চমূল্যের ফ্যাশন পণ্যে আগ্রহী জাপানি ক্রেতারা। ঢাকা সফররত জাপানের টেক্সটাইল ইমপোর্টার্স অ্যাসোসিয়েশনের (জেটিআইএ) প্রতিনিধি দল বিশেষভাবে লিড টাইম কমানো, কাস্টমস প্রক্রিয়া সহজ করা এবং চট্টগ্রাম বন্দরের পরিচালন দক্ষতা বাড়ানোর ওপর গুরুত্ব আরোপ করেছে।
বৈঠকে জেটিআইএ-এর পাঁচ সদস্যের প্রতিনিধি দল বিজিএমইএ’র নেতাদের সঙ্গে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করেন। জেটিআইএ-এর পক্ষ থেকে নেতৃত্ব দেন এমএন ইন্টার-ফ্যাশন লিমিটেডের তোশিনা কাওয়াই। বিজিএমইএ’র পক্ষ থেকে সভাপতিত্ব করেন মাহমুদ হাসান। বৈঠকে উপস্থিত ছিলেন সিনিয়র সহসভাপতি ইনামুল হক খান, সহ-সভাপতি মো. শিহাব উদ্দোজা চৌধুরী, পরিচালক মোহাম্মদ আব্দুর রহিম, নাফিস-উদ-দৌলা, সুমাইয়া ইসলাম, ফাহিমা আক্তার, জোয়ারদার মোহাম্মদ হোসনে কমার আলম, রুমানা রশীদ এবং মোহাম্মদ সোহেল।
বৈঠকে জেটিআইএ প্রতিনিধি দল বাংলাদেশের পোশাক শিল্পের প্রবৃদ্ধি, সামাজিক ও পরিবেশগত কমপ্লায়েন্স এবং শ্রমিকদের নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করার প্রচেষ্টা প্রশংসা করেছেন। তারা উল্লেখ করেন, উচ্চমানের পণ্য উৎপাদনে বাংলাদেশের সক্ষমতা জাপানের ক্রেতাদের মধ্যে আস্থা জাগিয়েছে।
এছাড়া, ২০২৬ সালের পর স্বল্পোন্নত দেশের এলডিসি থেকে উত্তরণের পরও শুল্কমুক্ত বাজার সুবিধা বজায় রাখার জন্য জাপান সরকারের প্রতি আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানান বিজিএমইএ। তারা মনে করেন, এটি অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি (ইপিএ) বা অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি (পিটিএ) মাধ্যমে নিশ্চিত করা যেতে পারে।





