জাবি প্রতিনিধি : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষের ১ম বর্ষ (সম্মান) মানবিক অনুষদের সি–১ ইউনিটের অন্তর্ভুক্ত নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ এবং চারুকলা বিভাগে উত্তীর্ণ শিক্ষার্থীদের ব্যবহারিক পরীক্ষার তারিখ পুনঃনির্ধারণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১লা জানুয়ারি) রাতে বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) এবং কেন্দ্রীয় ভর্তি পরিচালনা কমিটির সদস্য সচিব সৈয়দ মোহাম্মদ আলী রেজা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে রাষ্ট্রীয় শোক ঘোষণার প্রেক্ষিতে পূর্বনির্ধারিত সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছিল ।এর ফলে মানবিক অনুষদের সি–১ ইউনিটের অন্তর্ভুক্ত নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ এবং চারুকলা বিভাগের এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের ব্যবহারিক পরীক্ষা, যা আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু ৭ জানুয়ারি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা বিবেচনায় তা পরিবর্তন করে ৫ জানুয়ারি ২০২৬ তারিখ নির্ধারণ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয় যে আগামী সোমবার (৫ জানুয়ারি) তারিখে ব্যবহারিক পরীক্ষা পূর্বঘোষিত সময় ও স্থান অনুযায়ী অনুষ্ঠিত হবে তবে পরীক্ষাসংক্রান্ত অন্যান্য নির্দেশনাও অপরিবর্তিত থাকবে।শিক্ষার্থীদের সাময়িক অসুবিধার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দুঃখ প্রকাশ করেছে এবং এ ব্যাপারে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেছে।





