‎জাবি প্রতিনিধি : ‎জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) একটি আবাসিক হলের কক্ষ থেকে ২১ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের তৃতীয় বর্ষের (৫২ ব্যাচ) শিক্ষার্থী ফজলে আজওয়াদকে আটক করা হয়েছে।
‎রবিবার(৪ জানুয়ারি) রাত ১০টার দিকে গোপন সূত্রের ভিত্তিতে বিশ্ববিদ্যালয়ের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হল প্রশাসন ও হল সংসদের যৌথ উদ্যোগে একটি অভিযান পরিচালনা করা হয়। অভিযানে হলের ৭২৩ নম্বর কক্ষ থেকে এসব বিদেশি মদ উদ্ধার করা হয়।


হল সূত্র জানায় যে , আটককৃত শিক্ষার্থী জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হলের বৈধ আবাসিক শিক্ষার্থী নন।সে মীর মশাররফ হোসেন হলের শিক্ষার্থী ।সে দীর্ঘদিন ধরে অবৈধভাবে হলে অবস্থান করছিলেন। তার গ্রামের বাসা জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলায়।

‎প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক শিক্ষার্থী আজওয়াদ জানান, তিনি মদগুলো নিজে খাওয়ার জন্য তার গ্রামের বাসা জামালপুর অঞ্চল থেকে এনেছেন। পরবর্তী জিজ্ঞাসায় তিনি আরও জানান, থার্টি ফার্স্ট নাইট উদযাপনে মদগুলো জামালপুরের বর্ডার অঞ্চল থেকে এনেছেন।

‎এ বিষয়ে সংশ্লিষ্ট কাজী নজরুল ইসলাম  হলের প্রভোস্ট অধ্যাপক আব্দুর রাজ্জাক জানান, ' আমরা আজ গোপন সূত্রে জানতে পারি এই হলের ৭২৩ নাম্বার রুমে মাদক দ্রব্যের উপস্থিতি আছে।  এই প্রেক্ষিতে, আমরা হল প্রশাসন এবং হল সংসদ একটি অভিযান পরিচালনা করি।  অভিযানে আমরা ২১ বোতল বিদেশি মদ জব্দ করি।

তিনি আরো জানান, আমরা এই বিষয়ে বিশ্ববদ্যালয়ের শৃঙ্খলা বিধি অনুযায়ী সিদ্ধান্ত নিবো এবং সংশ্লিষ্টদের ব্যাপারে পরবর্তীতে তদন্ত সাপেক্ষে ব্যাবস্থা গ্রহণ করবো।