প্রায় ১৭ বছর পর দেশে ফিরে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার বেলা ১১টা ৪০ মিনিটে উড়োজাহাজটি রাজধানীর বিমানবন্দরে পৌঁছায়।
ইমিগ্রেশন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা তাকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানান। বিমানবন্দরে তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন স্ত্রী ডা. জুবাইদা রহমানের মা সৈয়দা ইকবাল মানদ্ বানু। দীর্ঘদিন পর জামাইকে দেশে পেয়ে শাশুড়ি বানু ফুলের মালা দিয়ে তাকে বরণ করেন।
এর আগে যুক্তরাজ্যের লন্ডন থেকে তারেক রহমানকে বহনকারী বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার বিজি-২০২ ফ্লাইটটি সকাল ৯টা ৫৫ মিনিটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সেখানে সংক্ষিপ্ত যাত্রাবিরতির পর বেলা ১১টা ১২ মিনিটে ঢাকার উদ্দেশে রওনা হয়। তার সঙ্গে ছিলেন স্ত্রী ডা. জুবাইদা রহমান ও মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান।
বিমানবন্দরে বিএনপির সিনিয়র নেতারাও তারেক রহমানকে স্বাগত জানান।





