বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের মোট সম্পদের পরিমাণ ১ কোটি ২ লাখ ৭৩ হাজার ৬৪০ টাকা। এর মধ্যে হাতে নগদ রয়েছে ৬০ লাখ ৭৬ হাজার ৪৯৭ টাকা। পাশাপাশি তার কাছে ১০ ভরি স্বর্ণও রয়েছে। সোমবার (২৯ ডিসেম্বর) নির্বাচন কমিশনে জমা দেওয়া নির্বাচনি হলফনামায় তিনি এসব তথ্য উল্লেখ করেন।


\r\n

হলফনামা অনুযায়ী, ডা. শফিকুর রহমানের নিজ নামে ১১ দশমিক ৭৭ শতক জমির ওপর একটি ডুপ্লেক্স বাড়ি রয়েছে, যার আনুমানিক মূল্য ২৭ লাখ টাকা। পেশা হিসেবে তিনি চিকিৎসক উল্লেখ করেছেন। তার মালিকানায় দুই লাখ টাকার ইলেকট্রিক পণ্য রয়েছে। এছাড়া বন্ড, ঋণপত্র এবং তালিকাভুক্ত ও তালিকাভুক্ত নয়—এমন বিভিন্ন কোম্পানির শেয়ারে তার বিনিয়োগের পরিমাণ ২৭ লাখ ১৬ হাজার ৮৮০ টাকা।


\r\n

হলফনামায় তিনি আরও জানান, তিনি কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ গ্রহণ করেননি। তার নামে রয়েছে ২ একর ১৭ শতক কৃষিজমি, যার আনুমানিক মূল্য ১৭ লাখ ৭১ হাজার টাকা। বর্তমানে তার মোট স্থাবর ও অস্থাবর সম্পদের পরিমাণ ৪৭ লাখ ২৫ হাজার ৮৩৪ টাকা। কৃষিখাত থেকে তার বার্ষিক আয় প্রায় ৩ লাখ টাকা।


\r\n

এদিকে, ডা. শফিকুর রহমান ঢাকা-১৫ আসনের জন্য মনোনয়নপত্র জমা দিয়েছেন। রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউট (ইটিআই) ভবনে রিটার্নিং কর্মকর্তা মো. ইউনুচ আলীর কাছে তার পক্ষে মনোনয়নপত্র দাখিল করা হয়।


\r\n

মনোনয়নপত্র জমা দিতে দলের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিমের নেতৃত্বে একটি প্রতিনিধি দল উপস্থিত ছিলেন। এ সময় আরও উপস্থিত ছিলেন সংগঠনের সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন এবং ঢাকা মহানগরী উত্তর জামায়াতের নায়েবে আমির আবদুর রহমান মুসা।


\r\n

মনোনয়নপত্র দাখিল শেষে মাওলানা আবদুল হালিম বলেন, ঢাকা-১৫ আসনে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের পক্ষে মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে। শহিদ হাদিসহ চব্বিশের গণঅভ্যুত্থানে যারা জীবন দিয়েছেন, তাদের আত্মত্যাগের মাধ্যমে যে নতুন বাংলাদেশের স্বপ্ন তৈরি হয়েছে, ডা. শফিকুর রহমান সেই স্বপ্ন বাস্তবায়নে অগ্রণী ভূমিকা রাখবেন।