আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক মেরুকরণে নতুন অবস্থান নিচ্ছে আমার বাংলাদেশ (এবি) পার্টি। দলটির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ জানিয়েছেন, জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলন বাংলাদেশের সমন্বয়ে গঠিত জোটে যোগ দেওয়ার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে দলটি। মনোনয়নপত্র জমা দেওয়ার পর ঢাকায় গিয়ে আনুষ্ঠানিকভাবে এই জোটে যোগ দেওয়া হবে।
সোমবার (২৯ ডিসেম্বর) বিকেলে বরিশাল রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলে তিনি বিষয়টি নিশ্চিত করেন।
ব্যারিস্টার ফুয়াদ বলেন, আসন বণ্টন নিয়ে ইতোমধ্যে সমঝোতা হয়েছে এবং আরও কয়েকটি আসন নিয়ে আলোচনা চলছে। আনুষ্ঠানিক যোগদানের প্রক্রিয়া শিগগিরই সম্পন্ন হবে।
তিনি সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, নির্বাচনের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে যৌথ অভিযান প্রয়োজন। পাশাপাশি তিনি জানান, নির্বাচিত হলে জনগণের শান্তি ও সমৃদ্ধির জন্য কাজ করবেন।
ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ আসন্ন নির্বাচনে বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন।





