শারদীয় দুর্গোৎসব উপলক্ষে হিন্দু সম্প্রদায়কে শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) এক বিবৃতিতে তিনি পূজা নির্বিঘ্নে সম্পন্ন করতে প্রশাসনকে প্রয়োজনীয় নিরাপত্তা দেওয়ার আহ্বান জানান।
\r\nবিবৃতিতে তিনি বলেন, আগামী ২৮ সেপ্টেম্বর থেকে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার মূল পর্ব শুরু হচ্ছে। এ উপলক্ষে জামায়াতে ইসলামী এবং তার ব্যক্তিগত পক্ষ থেকে হিন্দু সম্প্রদায়কে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছেন তিনি।
\r\nডা. শফিকুর রহমান উল্লেখ করেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির রোল মডেল হিসেবে আন্তর্জাতিকভাবে স্বীকৃত। এই দেশে মুসলিম, হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টানসহ সব ধর্মের মানুষ যুগ যুগ ধরে শান্তিপূর্ণ পরিবেশে নিজ নিজ আচার-অনুষ্ঠান পালন করে আসছে। তিনি বলেন, বিশ্বের বিভিন্ন দেশ ও সংস্থা বাংলাদেশকে একটি \"মডারেট মুসলিম কান্ট্রি\" এবং সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য উদাহরণ হিসেবে অভিহিত করেছে।
\r\nবিবৃতিতে তিনি অতীতের আন্তর্জাতিক প্রশংসার কথাও স্মরণ করেন। অস্ট্রেলিয়ার সাবেক হাইকমিশনার গ্রে উইল কুক এবং ইউরোপীয় ইউনিয়নের ডেলিগেশন প্রধান উইলিয়াম হানার মন্তব্য তুলে ধরে তিনি বলেন, বাংলাদেশ ঐতিহাসিকভাবেই সাম্প্রদায়িক সম্প্রীতির উন্নত মডেল।
\r\nডা. শফিকুর রহমান আশা প্রকাশ করেন, শারদীয় দুর্গোৎসব দেশের সহনশীলতা ও সম্প্রীতির বন্ধনকে আরও শক্তিশালী করবে। তিনি হিন্দু সম্প্রদায়সহ সকল নাগরিকের শান্তি, সুখ ও সমৃদ্ধি কামনা করেন।
\r\nঅতীতের মতো এবারও পূজা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রশাসনের প্রতি নিরাপত্তা জোরদারের আহ্বান জানান জামায়াত আমির। একই সঙ্গে সার্বিক সহযোগিতায় এগিয়ে আসার জন্য দলীয় কর্মী-সমর্থক এবং দেশবাসীর প্রতিও তিনি অনুরোধ জানান।





