বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে জাতিসংঘের ঢাকাস্থ আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস সৌজন্য সাক্ষাৎ করেছেন।
মঙ্গলবার (৭ অক্টোবর) সকাল ৯টায় রাজধানীর বসুন্ধরায় জামায়াত আমিরের কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। গোয়েন লুইসের সঙ্গে ছিলেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক উপদেষ্টা হুমা খান।
বৈঠকে বাংলাদেশের বর্তমান মানবাধিকার পরিস্থিতি, রাজনৈতিক পরিবেশ, রোহিঙ্গা সংকট এবং আসন্ন জাতীয় নির্বাচনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে গঠনমূলক আলোচনা হয়।
জামায়াতের পক্ষ থেকে বলা হয়, আসন্ন জাতীয় নির্বাচন দেশের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এই নির্বাচন যেন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য হয়— সে লক্ষ্যে জাতিসংঘের সহযোগিতা ও কারিগরি সহায়তা কামনা করা হয়েছে।
এছাড়া, নারীর অধিকার রক্ষা, কর্মক্ষেত্রে দক্ষতা বৃদ্ধিসহ দেশের সামগ্রিক উন্নয়ন প্রক্রিয়ায় জাতিসংঘের অব্যাহত সহযোগিতার প্রত্যাশাও প্রকাশ করা হয়।
বৈঠকে জামায়াত আমিরের সঙ্গে আরও উপস্থিত ছিলেন দলটির সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার এবং সুপ্রিম কোর্টের আইনজীবী মীর আহমাদ বিন কাসেম (আরমান)।





