জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে ঢাকায় নিযুক্ত ফ্রান্সের নতুন রাষ্ট্রদূত জঁ-মার্ক সেরে-শারলের সৌজন্য বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গতকাল বসুন্ধরায় আমিরের কার্যালয়ে এই বৈঠক হয়। রাষ্ট্রদূতের সঙ্গে ছিলেন ফরাসি দূতাবাসের পলিটিক্যাল কাউন্সিলর ক্রিশ্চিয়ান বেক।
জামায়াতের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন এবং আমিরের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মাহমুদুল হাসান।
বৈঠকে দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট, জাতীয় নির্বাচন, গণতান্ত্রিক ও সাংবিধানিক প্রতিষ্ঠানকে আরও শক্তিশালী করা, মানবাধিকার পরিস্থিতি, বাংলাদেশ–ফ্রান্স দ্বিপক্ষীয় সম্পর্ক এবং বাণিজ্যসহ বিভিন্ন সহযোগিতার বিষয় নিয়ে আলোচনা হয়।
আলোচনায় জামায়াত আমির বাংলাদেশ ও ফ্রান্সের দীর্ঘ কূটনৈতিক সম্পর্কের প্রশংসা করেন এবং উন্নয়ন সহযোগিতা বহাল রাখার অনুরোধ জানান। দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভবিষ্যতে আরও গভীর হবে বলেও আশা প্রকাশ করা হয়।





