ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও সহকারী প্রক্টর শেহরীন আমিন ভূঁইয়া (মোনামি) আজ রবিবার সকাল ৯টায় ফেসবুকে লিখেছেন, “মাইগ্রেনের ব্যথার কারণে গতকাল আগে ঘুমিয়েছি। ভোরে উঠে দেখি জামায়াত আমিরের টুইটার স্ট্যাটাস নিয়ে আমার ইনবক্সে ঝড়। কি অবস্থা! আপনারা একটু ধৈর্য ধরুন। আমার তো একটি সন্তান আছে, স্কুলে পাঠালাম। চাকরি আছে, সেখানে যাওয়ার জন্য প্রস্তুত হব।”
তিনি আরও উল্লেখ করেন, আজকের দিনের রান্না ও ঘরের কাজ শেষ করার পর ফেসবুক নিয়ে বসবেন এবং কে কী বলেছে, কেন বলেছে—সেসব চর্চা করবেন। ততক্ষণ অনুরোধ, “দয়া করে একটু ধৈর্য ধরুন, যেহেতু আমার কাছে জবাবদিহিতা চাওয়া ছাড়া আপনাদের দিনে-রাতে আর কোনো কাজ নেই।”
এর আগে শনিবার (৩১ জানুয়ারি) রাতে জামায়াত আমিরের এক্স হ্যান্ডেলের একটি পোস্টের স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছিল। পোস্টে কর্মজীবী নারীদের বিষয়ে আপত্তিকর মন্তব্য দেখানো হয়েছিল। পরে এক্স অ্যাকাউন্ট থেকে পোস্টটি সরানো হয়। জামায়াতের পক্ষ থেকে বলা হয়, সাইবার হামলার কারণে অনাকাঙ্ক্ষিত পোস্ট প্রকাশিত হয়েছে এবং জামায়াত আমিরের নামে মিথ্যা তথ্য ছড়ানো হয়েছে।
দলের সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের জানান, সম্প্রতি ডা. শফিকুর রহমানের অফিসিয়াল টুইটার (এক্স) হ্যান্ডেলসহ দলের কয়েকজন সিনিয়র নেতার ফেসবুক অ্যাকাউন্টে সাইবার হামলার ঘটনা ঘটেছে। এর ফলে স্বল্প সময়ের মধ্যে একটি অনাকাঙ্ক্ষিত পোস্ট প্রকাশিত হয়, যা জামায়াত আমিরের আসল বক্তব্য বা অবস্থানকে প্রতিফলিত করে না। এহসানুল মাহবুব জুবায়ের জানান, এটি সম্পূর্ণ মিথ্যা ও বিভ্রান্তিকর এবং দলের পক্ষ থেকে ভবিষ্যতেও বিষয়টি নিয়ন্ত্রণে রাখার জন্য সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ। প্রয়োজন হলে পরবর্তীতে আরও তথ্য জানানো হবে।





