জামায়াতে ইসলামীর জেলা আমীর ও চাঁদপুর-৪ আসনের সংসদ সদস্য মাওলানা বিল্লাল হোসেন মিয়াজী বলেছেন, ক্ষমতায় এলে গত ফ্যাসিবাদী সরকারের সময় সাংবাদিকদের ওপর হওয়া জুলুম ও নির্যাতনের বিচারের ব্যবস্থা করা হবে। এতে দৈনিক আমার দেশ পত্রিকার বন্ধ ও সম্পাদক মাহমুদুর রহমানের উপর হামলা এবং সাগর রুনির হত্যাকাণ্ডও অন্তর্ভুক্ত থাকবে।
বুধবার (৭ জানুয়ারি) বিকেলে ফরিদগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা জানান। তিনি বলেন, “সাংবাদিকরা জাতির দর্পণ। সমাজে সত্য তুলে ধরার ক্ষেত্রে তাদের ভূমিকা গুরুত্বপূর্ণ। আশা করি, আপনারা লেখনীর মাধ্যমে সাদাকে সাদা এবং কালোকে কালো বলবেন। এছাড়া অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে নির্ভীকভাবে সৎ সাহস দেখাবেন।”
সভায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর ফরিদগঞ্জ উপজেলা শাখার আমীর ইউনুস হেলাল, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাখাওয়াত হোসেন পাটোয়ারী, ফরিদগঞ্জ পৌরসভার আমীর মিজানুর রহমান এবং সেক্রেটারি মো. ফখরুল ইসলাম বক্তব্য দেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন প্রেসক্লাব সভাপতি মো. মামুনুর রশীদ পাঠান এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক নুরুল ইসলাম। সভায় ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।





